নওগাঁয় যুবককে লক্ষ্য করে গুলি, অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার
মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় এক যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি ওয়ান শ্যুটারগান, একটি খেলনা পিস্তল, ডেগারসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- মান্দা উপজেলার কশব ইউনিয়নের তুড়ুকবাড়িয়া গ্রামের আহম্মেদ আলী আকন্দের ছেলে সুলতান মাহমুদ(২৪) ও জিয়াউর রহমানের ছেলে পারভেজ হোসেন(২৭)।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার দুজন এলাকায় ‘ব্ল্যাকহোল ক্লাব’ নামে একটি কিশোর গ্যাং গড়ে তুলেছিলো। ওই গ্যাংয়ের মাধ্যমে তারা এলাকায় বিভিন্ন বেআইনি কর্মকাণ্ড চালিয়ে আসছিলো। গ্যাংয়ে যোগ না দেওয়া কিশোরদের মারধর ও নির্যাতন করা হতো বলেও জানিয়েছে পুলিশ।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট রাত সাড়ে আটটার দিকে তুড়ুকবাড়িয়া গ্রামের সাফি আল জাবের ওরফে নিরব(৩১) পলাশবাড়ি বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে সুলতান মাহমুদ, পারভেজ হোসেন ও ফয়সাল মাহমুদ রোকনের নেতৃত্বে কয়েকজন যুবক নিরবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি আহত হননি।
আরও পড়ুনপরদিন গত ২৬ আগস্ট রাতেও ওই যুবকেরা ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনায় গত ২৬ আগস্ট সাফি আল জাবের ওরফে নিরব বাদি হয়ে সুলতান মাহমুদ, পারভেজ হোসেন ও ফয়সাল মাহমুদ রোকনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মান্দা থানায় মামলা করেন।
মামলার পর মান্দা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে শেরপুরের ফুড ভিলেজ এলাকা থেকে সুলতান মাহমুদ ও পারভেজ হোসেনকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, গ্রেফতার দুজনের বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
মন্তব্য করুন








