নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত
নোয়াখালীর কবিরহাট উপজেলায় দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) রাত সোয়া ৮টার দিকে উপজেলার সোনাপুর-কবিরহাট-কোম্পানীগঞ্জ সড়কের বারিপুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের করালিয়া গ্রামের জিহাদ হোসেন (২০) এবং বসুরহাট পৌরসভার কাশেম ব্যাপারী বাড়ির বাসিন্দা তারেক রহমান ওরফে শিবলু (১৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মোটরসাইকেলে করে সোনাপুর থেকে বসুরহাটের দিকে যাচ্ছিলেন জিহাদ ও শিবলু। পথে বারিপুকুরপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং দুই আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করতে এগিয়ে এলেও ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক পিকআপ ভ্যানটি আটক করে পুলিশে খবর দেন। তবে সুযোগ বুঝে চালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
আরও পড়ুনখবর পেয়ে কবিরহাট থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত পিকআপ ভ্যান ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরে স্বজনরা থানায় এসে নিহতদের পরিচয় নিশ্চিত করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পলাতক পিকআপ ভ্যানের চালক ও সহকারীকে আটকের চেষ্টা চলছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1782243777.jpg)







