নাটোরের লালপুরে জুট মিলে ডাকাতির রহস্য উন্মোচন, গ্রেফতার ৬
নাটোর ও লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে জুট মিলে দুর্ধর্ষ ডাকাতি ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ। গত ৩০ মে শ্রীরামগাড়ি এলাকার সাজিদ জুট মিলে সশস্ত্র হামলার মাধ্যমে প্রায় ৮৫ লাখ টাকার মালামাল ও অর্থ লুটের ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার দিনগত রাতে পাবনার আটঘরিয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুরে নাটোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। গ্রেফতারকৃতরা হলো- পাবনার আটঘরিয়া উপজেলার বাসিন্দা মাহাতাব(৩৫), সেলিম(৩২), লিটন(৩০), সাদ্দাম(২৮), খালেক(৪৫) এবং সাগর(২৬)।
সংবাদ সম্মেলন ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ মে মধ্যরাতে ১২ থেকে ১৪ জনের একটি সশস্ত্র ডাকাত দল অতর্কিতভাবে নাটোরের লালপুরে সাজিদ জুট মিলে হানা দেয়। ডাকাতরা মিলের নৈশপ্রহরী ও কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে এবং সবার মোবাইল ফোন কেড়ে নেয়। টানা চার ঘণ্টা তাণ্ডব চালিয়ে ট্রান্সফরমার, বৈদ্যুতিক মোটর, মূল্যবান সাব-স্টেশন যন্ত্রাংশ এবং স্পেয়ার পার্টসসহ প্রায় ৮৩ লাখ ৬০ হাজার টাকার সরঞ্জাম ট্রাকে তুলে নিয়ে যায়। একইসাথে মিলের অফিস কক্ষ থেকে লুট করে দুই লাখ টাকা। এ ঘটনায় লালপুর থানায় ডাকাতি মামলা করা হয়।
আরও পড়ুনপরে তথ্যপ্রযুক্তি এবং সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ডাকাতদের অবস্থান শনাক্ত করে আটঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করে পুলিশ। এসময়ঢ লুট হওয়া মালামালের একটি অংশ উদ্ধার হয়। যার মধ্যে রয়েছে ৩শ’ কেজি তামার তার এবং ৫০ হাজার টাকা। এছাড়াও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, একটি ব্যাটারিচালিত ভ্যান ও ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে পূর্ববর্তী কোনো অপরাধমূলক রেকর্ড রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার এবং অবশিষ্ট মালামাল উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ মঙ্গলবার (২৩ জুন) আদালতে সোপর্দ করা হয়েছে। এসময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ লালপুর থানা পুলিশ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন







