ভিডিও রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২২ নভেম্বর, ২০২৬ ১১:৫৫ এএম

এখন যেমন বালার ফ্যাশন

এখন যেমন বালার ফ্যাশন

লাইফস্টাইল ডেস্ক : কখনও হাতে কয়েকটি সরু বালা, কখনও মোটা নকশার শুধু একটি, আবার কখনও রং ও উপকরণের বৈচিত্র্যে তৈরি বালা হয়ে উঠে সাজের আলাদা অনুষঙ্গ।

সোনা-রূপার প্রচলিত গণ্ডি পেরিয়ে কাপড়, বেত, বাঁশ, পলা বা নানান রংয়ের উপকরণে তৈরি বালা বেছে নেওয়ার সুযোগও সমানভাবে সমাদৃত। হাতের সাজে বালার আবেদন কখনই পুরানো হয় না। শাড়ির সঙ্গে কয়েক গাছি বালা, কামিজের সঙ্গে সরু নকশার বালা বা পাশ্চাত্য পোশাকের সঙ্গে একটি মোটা বালা- প্রতিটি সাজেই এর আলাদা উপস্থিতি থাকতে পারে। তবে এখন বালা মানেই শুধু সোনা বা রূপার অলংকার নয়। উপকরণ, নকশা, রং ও পরার ধরন সব কিছুতেই এসেছে পরিবর্তন। ধাতব বালার সঙ্গে কাপড়ের বালা, আবার ঐতিহ্যবাহী পলার পাশে জায়গা করে নেয় বাঁশ বা বেতের তৈরি নকশা করা বালা।

রংয়ের খেলায় বৈচিত্র্য : বালার রং নির্বাচনে পোশাকের সঙ্গে সামঞ্জস্য থাকতে পারে, আবার বৈপরীত্য তৈরি করেও সাজে নতুনত্ব আনা যায়। লাল, সাদা, সবুজ, কালো ও সোনালি- এই রংগুলো বালার নকশায় বরাবরই পরিচিত। বিশেষ করে লাল ও সাদা পলার আলাদা ঐতিহ্য আছে। একই সঙ্গে সবুজ, নীল বা মেরুন রংয়ের বালাও রঙিন শাড়ি ও কামিজের সঙ্গে মানিয়ে যায়। হালকা ও কোমল রংয়ের মধ্যে গোলাপি, আকাশি, হালকা হলুদ, পিচ বা ল্যাভেন্ডার রংয়ের বালা আলাদা দেখাবে। এক রংয়ের পোশাকের সঙ্গে একই রংয়ের কিন্তু বিভিন্ন ধরনের বালা সাজে সূক্ষ্ম বৈচিত্র্য যোগ করতে পারে বলে পরামর্শ ফ্যাশন বিশেষজ্ঞদের। অন্যদিকে সাদা বা কালো পোশাকের সঙ্গে লাল, নীল বা সোনালি বালা পরলে হাতের সাজ চোখে পড়ে। উৎসবে সোনালি, তামাটে ও রুপালি রংয়ের বালা জমাকালো দেখায়। আবার প্রতিদিনের ব্যবহারের জন্য মাটির রং, বাদামি, জলপাই কিংবা ধূসর রংয়ের বালাও ব্যবহার করা যায়।

বালার নকশায় বদল :  বালার নকশায় পরিচিত ধরনগুলোর একটি হল ‘মসৃণ বালা’। কোনও বাড়তি কারুকাজ নেই, শুধু একরঙা বা ধাতব আভা। সরল সাজে এ ধরনের বালাই মানানসই।

পাশাপাশি রয়েছে খোদাই করা নকশার বালা। ফুল, লতা, পাতা, জ্যামিতিক রেখা বা ছোট ছোট বিন্দুর নকশা ফুটিয়ে তোলা হয়। সূক্ষ্ম কারুকাজের কারণে সাধারণ পোশাকের সঙ্গেও এমন বালা আলাদা লাগে। আরেকটি পরিচিত ধরন হল পাকানো বা দড়ির মতো নকশার বালা। ধাতব উপকরণে তৈরি এ ধরনের বালায় একাধিক সরু রেখা পেঁচিয়ে রাখা হয়। কখনও আবার দুটি বা তিনটি রেখা একসঙ্গে জুড়েও তৈরি হয় বালা।

ঢেউ খেলানো নকশা, প্যাঁচানো নকশা এবং জালের মতো নকশাও বেশ পরিচিত। একটু বড় ও নজরকাড়া অলংকার চাইলে রয়েছে চওড়া বালা। এর গায়ে ফুলেল নকশা, পাথর বসানো কারুকাজ বা উঁচু-নিচু নকশা থাকতে পারে। এছাড়া একাধিক সরু বালা একসঙ্গে জুড়েও তৈরি করা হয় গুচ্ছ বালা ।

হাতে কয়েকটি বালা একসঙ্গে পরার মতো দেখালেও আসলে সেগুলো একটি অলংকারের অংশ। আবার খোলা মুখের বালায় পুরো বৃত্তের বদলে দুই প্রান্তের মধ্যে সামান্য ফাঁক থাকে। কোনও কোনও নকশায় দুই প্রান্তে ফুল, পাতা বা পাথরের কাজ করা হয়।

আরও পড়ুন

গয়নায় নতুন পালা : বাঙালি অলংকারে পলার রয়েছে আলাদা পরিচিতি। লাল পলা সব সময়েই ঐতিহ্যবাহী। সাদা শাঁখার সঙ্গে লাল পলার সমন্বয় চিরচেনা সাজের রূপ। তবে এখন শুধু প্রচলিত নকশাতেই সীমাবদ্ধ নেই পলা। লালের পাশাপাশি বিভিন্ন সোনালি বা রুপালি কাজ করা পলা এবং খোদাই করা নকশার বালাও পাওয়া যায়।
কোনও পলায় থাকে ফুল, লতা বা পাতার নকশা, আবার কোনোটি মসৃণ ও সাধারণ। কিছু পলায় ছোট পাথর বসানো থাকে, কিছুতে থাকে ধাতব আবরণ বা রঙিন কারুকাজ। সবুজ, হলুদ, খয়েরি, নীল, বেগুনি, গোলাপি প্রায় সব রংয়ের বালাই এখন চলছে।

রূপার বালায় সূক্ষ্ম কারুকাজ :  রূপার বালা প্রতিদিন ও উৎসব- দুই ধরনের সাজেই মানানসই। রূপার স্বাভাবিক উজ্জ্বলতাই এর সৌন্দর্য। তবে নকশায়ও বাড়ায় বৈচিত্র্য। মসৃণ রূপার বালা, খোদাই করা বালা, পাকানো নকশা, চওড়া বালা বা ছোট ঘণ্টি ও ঝুল যুক্ত নকশা প্রতিটিরই আবেদন আলাদা। পুরানো ধাঁচের রূপার বালায় অনেক সময় ফুল, লতা, পাতা বা লোকজ নকশার ব্যবহার দেখা যায়। আবার আধুনিক নকশায় থাকে সরল রেখা, জ্যামিতিক আকৃতি ও অসমান গড়ন। রূপার বালা একটা পরলেও হাত খালি দেখায় না, আবার কয়েকটি সরু রূপার বালাও স্তরে স্তরে বালার সৌন্দর্য যোগ করে। রঙিন পাথর বসানো রূপার বালা একরঙা পোশাকের সঙ্গে ভালো মানায়। তবে অতিরিক্ত কারুকাজ করা বালার সঙ্গে একই হাতে ভারী অলংকার না পরলেই সাজে ভারসাম্য থাকে।

কাপড়ের রঙিন বালা:  সাধারণত শক্ত ভিত্তির ওপর কাপড় পেঁচিয়ে বা কাপড় দিয়ে মুড়িয়ে এসব বালা তৈরি করা হয়। সুতি, মখমল, সিল্কের মতো কাপড়ের ব্যবহার দেখা যায়। কোনও বালায় এক রংয়ের কাপড় থাকে, আবার কোনও বালায় থাকে ছাপা নকশা, ফুলেল নকশা, সুতার কাজ, এপ্লিক, প্যাচওয়ার্ক, পুঁতি বা আয়নার কারুকাজ।

লাল, হলুদ, নীল, সবুজ, কালো কাপড়ের বালা যেমন আছে, তেমনি একাধিক রংয়ের কাপড় জুড়ে তৈরি বালাও রয়েছে।
হাতে কয়েকটি রংয়ের কাপড়ের বালা একসঙ্গে পরা আধুনিক ‘লুক’ তৈরি করে। আবার চওড়া বালাও হতে পারে সাজের প্রধান অংশ। সুতি বা তাঁতের শাড়ির সঙ্গে এমন বালা সঠিক বিকল্প হতে পারে।

বেত ও বাঁশের বালায় প্রকৃতি:  প্রাকৃতিক উপকরণে বেত ও বাঁশের বালা ব্যতিক্রমী হতে পারে। বেতের সরু আঁশ পেঁচিয়ে, বুনে বা গোল করে তৈরি করা হয় এসব বালা। কোথাও বেতের স্বাভাবিক বাদামি রং রাখা হয়, কোথাও রং করে তৈরি করা হয় লাল, কালো, সবুজ বা হলুদ বালা। বেতের বালায় বুনন, পাকানো রেখা, জালের মতো নকশা এবং একাধিক স্তরের ব্যবহার দেখা যায়। কিছু বালায় কাপড়, সুতা, পুঁতি বা ছোট কাঠের টুকরাও জুড়ে দেওয়া হয়। বাঁশের বালায় থাকে ভিন্ন ধরনের কারুকাজ। বাঁশ কেটে গোল করে তৈরি করা বালার গায়ে খোদাই করা নকশা, পোড়ানো নকশা বা রংয়ের ব্যবহার দেখা যায়।

ব্রাসের মিনিমাল বালা :  ব্রাস বা পিতলের তৈরি বালায় সোনালি রংয়ের আভা থাকলেও এগুলো সব সময় খুব বেশি চকচকে হয় না। বিশেষ করে ম্যাট ফিনিশের বালায় উজ্জ্বলতার বদলে থাকে মৃদু আভা। কোনওটি হয় একেবারে সাধারণ ও মসৃণ, আবার কোনও বালায় থাকে খোদাই করা ফুল, লতা, জ্যামিতিক নকশা বা উঁচু-নিচু কারুকাজ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবানার বেড়ায় বিএনপি-আ’লীগ সংঘর্ষের জেরে ওসি প্রত্যাহার

১

এখন যেমন বালার ফ্যাশন

২

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য রয়েছে : প্রধানমন্ত্রী

৩

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৩৫

৪

সোনার দামে আবারও পতন, ভরিতে কমলো ৬১৮১

৫

সোমবার এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

৬