টানা বর্ষণে পাঁচবিবির খাল-বিল ভরপুর : মাছ ধরার উৎসবে মেতেছে নানা বয়সী মানুষ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : টানা কয়েক দিনের বর্ষণে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার খাল-বিল, নদী-নালা,জমি ও বিভিন্ন জলাশয় পানিতে পরিপূর্ণ হয়ে উঠেছে। বর্ষার পানিতে প্লাবিত মাঠ-ঘাট ও জলাশয়ে ছড়িয়ে পড়েছে দেশীয় নানা প্রজাতির মাছ।
আর এ সুযোগে গ্রামাঞ্চলে শুরু হয়েছে মাছ ধরার এক উৎসবমুখর পরিবেশ। শিশু-কিশোর, তরুণ, নারী-পুরুষÑসব বয়সের মানুষ জমিতে দেশীয় বিভিন্ন মাছ ধরার সরঞ্জাম নিয়ে দলবেঁধে নেমে পড়েছেন মাছ শিকারে।
গতকাল শনিবার সকালে উপজেলার মঠপাড়া গ্রামের মাঠে সব বয়সের মানুষ হাঁটু সমান পানিতে নেমে মাছ ধরতে ব্যস্ত। কেউ পলো, কেউ খইছালা, আবার কেউ পাঁচাসহ বিভিন্ন উপকরণ নিয়ে মাছ ধরছেন। অনেকেই পরিবার-পরিজনকে সঙ্গে নিয়ে মাছ ধরার আনন্দ উপভোগ করছেন।
শিশু-কিশোরদের উচ্ছ্বাস আর বড়দের ব্যস্ততায় পুরো এলাকা যেন এক মিলনমেলায় পরিণত হয়েছে। স্থানীয়রা জানান, বর্ষার সময় খাল-বিল ও প্লাবিত জমিতে দেশীয় প্রজাতির টেংরা, পুঁটি, শিং, মাগুর, কৈ, টাকি, শোলসহ বিভিন্ন মাছ পাওয়া যায়। তাই প্রতি বছর বর্ষা এলেই মাছ ধরাকে ঘিরে গ্রামে তৈরি হয় উৎসবের আবহ।
আরও পড়ুনঅনেক পরিবার নিজেদের চাহিদা মিটিয়ে অতিরিক্ত মাছ স্থানীয় বাজারেও বিক্রি করে। যা তাদের জন্য বাড়তি আয়েরও একটি উৎস। উপজেলার মঠপাড়া গ্রামের মাছ শিকারি প্রদীপ, নয়ন ও স্বপন চন্দ্র বর্মণ জানান, বর্ষাকালে এভাবে দলবেঁধে মাছ ধরার আনন্দ শুধু মাছ পাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি গ্রামীণ মানুষের দীর্ঘদিনের ঐতিহ্য, বিনোদন এবং পারস্পরিক সম্প্রীতিরও একটি অনন্য প্রকাশ।
আধুনিকতার ছোঁয়ায় অনেক গ্রামীণ ঐতিহ্য হারিয়ে গেলেও বর্ষাকালের এই মাছ ধরার উৎসব এখনো গ্রামবাংলার চিরচেনা সংস্কৃতি ও জীবনের এক উজ্জ্বল অনুষঙ্গ হয়ে টিকে আছে।
মন্তব্য করুন







