ভিডিও রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৭ জুন, ২০২৬, ০২:৩৫ রাত

‘পুশইন’ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির টহল জোরদার

ছবি, সংগৃহীত, ‘পুশইন’ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির টহল জোরদার

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সম্ভাব্য পুশইন চেষ্টার ঘটনায় দেশের সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে ৫৩ ও ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধীন সব সীমান্ত ফাঁড়ি (বিওপি) এলাকায় জনবল বৃদ্ধি, টহল জোরদার এবং সার্বক্ষণিক নজরদারি বাড়ানো হয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বা পুশইন প্রতিরোধে তাদের সদস্যদের পাশাপাশি আনসার-ভিডিপি ও গ্রাম পুলিশকে নিয়ে যৌথ টহল পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে সীমান্তবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং মাইকিংয়ের মাধ্যমে সতর্কতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক কাজী মুস্তাফিজুর রহমান জানান, ব্যাটালিয়নের আওতাধীন ১৭টি বিওপিতে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির সঙ্গে আনসার-ভিডিপি সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, দেশের অন্যান্য সীমান্ত এলাকার মতো তাদের ব্যাটালিয়নের সদস্যরাও সীমান্তজুড়ে নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন

এর আগে গত ৪ জুন ভোরে নওগাঁ ১৬ বিজিবির আওতাধীন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। বিজিবি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের প্রবেশে বাধা দেয়। ওই দলে ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ৬ জন শিশু ছিল।

ঘটনাকে কেন্দ্র করে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও তাৎক্ষণিক কোনো সমাধান হয়নি। পরে প্রায় দুই দিন শূন্যরেখায় অবস্থানের পর শনিবার বিএসএফ তাদের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেয়।

সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও পুশইন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘পুশইন’ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির টহল জোরদার

ইসরায়েলি হামলায় লেবাননের জেনারেল-ক্যাপ্টেন নিহত

মশাল মিছিলের ভিডিও ভাইরাল, ২৪ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

বিশ্বকাপের আগে আর্জেন্টিনার বড় ধাক্কা, ছিটকে গেল তারকা ডিফেন্ডার

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে আপত্তি জানালেন নাহিদ

পুশইন ঠেকাতে সিলেট সীমান্তে বিজিবির হাই অ্যালার্ট