কুষ্টিয়ার ভেড়ামারায় মাজারের মেলা দেখতে এসে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত নিশান (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ভুক্তভোগী ওই নারী বর্তমানে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গ্রেপ্তারকৃত নিশান উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের হিড়িমদিয়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১১ মে) রাতে দুই বছরের শিশুসন্তানকে নিয়ে মিরপুর উপজেলার পোড়াদহ এলাকা থেকে ভেড়ামারায় একটি স্থানীয় মাজারের মেলা দেখতে যান ভুক্তভোগী নারী। সেখানে অভিযুক্ত নিশানের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে নিশান শিশুটিকে মাজার সংলগ্ন একটি ফাঁকা স্থানে রেখে ওই নারীকে জোরপূর্বক নিজের বাড়িতে নিয়ে সেখানে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
এদিকে, দীর্ঘ সময় ধরে নির্জন স্থানে শিশুর কান্নার শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে রাত আনুমানিক ১টার দিকে ভুক্তভোগী নারীকে উদ্ধার করা হয়।
আরও পড়ুন
ঘটনার পর মঙ্গলবার (১২ মে) দুপুরে ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত নিশানকে বিকেলে গ্রেপ্তার করে পুলিশ।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, ঘটনার পরপরই পুলিশ ব্যবস্থা নিয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা হয়েছে।