বালু উত্তোলন নিয়ে ময়মনসিংহে তুমুল সংঘর্ষ, ১১ মোটরসাইকেলে আগুন
ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদের চরে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ক্ষুব্ধ গ্রামবাসী ১১টি মোটরসাইকেলে আগুন দেয়।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের সরকারি কলেজ সংলগ্ন চরআলগী মৌজায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি কলেজ সংলগ্ন ব্রহ্মপুত্র নদের বুকে জেগে ওঠা চরটি চরআলগী মৌজার বাসিন্দাদের মালিকানাধীন। দীর্ঘদিন ধরে সেখানে অবৈধভাবে বালু উত্তোলন হয়ে আসছিল। এ নিয়ে আগে একাধিকবার উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটলেও স্থায়ী কোনো সমাধান হয়নি।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেনের অনুসারীরা চরআলগী মৌজায় সাত্তার, বাবুল ও সাদেক নামে কয়েকজনের জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন শুরু করে। এ সময় জমির মালিকরা বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে মুক্তার হোসেনের শতাধিক অনুসারী ঘটনাস্থলে যাওয়ার পথে স্থানীয় নৌকার মাঝি ওয়াইজ উদ্দিন ওরফে পাবলিককে মারধর করে এবং তার নৌকায় আগুন ধরিয়ে দেয়। পরে মাঝি নদী সাঁতরে গিয়ে বিষয়টি জানালে গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলে।
একপর্যায়ে গ্রামবাসীর ধাওয়ায় প্রতিপক্ষ মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে সরকারি কলেজের সামনে সড়কে ফেলে রাখা ১১টি মোটরসাইকেলে আগুন দেয় উত্তেজিত জনতা। ঘটনার পর এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
আরও পড়ুনময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) মনতোষ বিশ্বাস বলেন, চরআলগী এলাকায় বালু উত্তোলনকে কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। চরের লোকজন ও এপারের লোকজনের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এ ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। কারা জড়িত তা তদন্ত করে জানা যাবে। অভিযোগ পেলে বিস্তারিত জানানো হবে।
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





