মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা ছুড়ে অগ্নিসংযোগ
চট্টগ্রামের মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। ব্যাংকের নাইটগার্ড ও কর্মকর্তারা মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। একই দিন সন্ধ্যায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজনের ফেসবুক আইডিতে অগ্নিকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়ে।
মিরসরাই সদরের গ্রামীণ ব্যাংক শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার অফিস শেষে তিনি ও কয়েকজন কর্মী বাড়ি চলে যান। শনিবার সকালে অগ্নিকাণ্ডের খবর পান।
তিনি বলেন, ঘটনার সময় নাইটগার্ড রনজিত কুমার নাথ বাইরে পাহারায় ছিলেন। ভোরে আলো ফোটার আগে গাছপালার আড়াল থেকে দুর্বৃত্তরা শাখার সাইনবোর্ড, গেটের ভেতরে ও দোতলার দিকে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে দেয়াল ও গেটে আগুন ধরে যায়। নাইটগার্ডের ফোন পেয়ে প্রোগ্রাম ম্যানেজার জুনায়েদ হোসেনসহ অন্যরা এসে আগুন নেভান।
আরও পড়ুনখবর পেয়ে মিরসরাই থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে এবং আশপাশে টহল দেয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, খবর পেয়ে তিনি পুলিশ দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান। পুলিশ পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। ঘটনার তদন্ত চলছে। ব্যাংক কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








