রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিচ্ছন্ন জ্বালানি, বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বৈঠকে কপ-৩১ সম্মেলনের উচ্চপর্যায়ের আলোচনাগুলো বাস্তব সহযোগিতায় রূপ দেওয়ার বিষয়টি উঠে আসে। ব্রিটিশ হাইকমিশনার জানান, জলবায়ু বিনিয়োগ তহবিলের (সিআইএফ) নতুন ব্যবস্থায় যুক্তরাজ্য প্রথমবারের মতো ৪০ কোটি পাউন্ড অনুদান দিয়েছে। পরিচ্ছন্ন জ্বালানিতে বেসরকারি বিনিয়োগ বাড়ানো এ উদ্যোগের লক্ষ্য। অগ্রাধিকারপ্রাপ্ত দেশ হিসেবে বাংলাদেশে জলবায়ু বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
এ ছাড়া আগাম সতর্কীকরণ ব্যবস্থা, জলবায়ু পরিবর্তনজনিত বাস্তুচ্যুতি, নারী ও শিশুদের ওপর এর প্রভাব এবং পাটের মতো পরিবেশবান্ধব প্রাকৃতিক তন্তুর ব্যবহার বাড়াতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে কথা বলেন দুই দেশের প্রতিনিধিরা।
বৈঠকে গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায়কে স্বাগত জানান শামা ওবায়েদ ইসলাম। রোহিঙ্গাদের প্রতি যুক্তরাজ্যের অব্যাহত সমর্থনের প্রশংসা করে রায় বাস্তবায়ন এবং নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানান তিনি।
আরও পড়ুনরোহিঙ্গাদের পক্ষে ধারাবাহিক ভূমিকার জন্য এডিনবারার ডাচেস সোফিরও প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে তাঁর সাম্প্রতিক সফর এবং এ জনগোষ্ঠীর অধিকার ও দুর্দশা নিয়ে তাঁর প্রচারণার বিষয়টি উল্লেখ করেন তিনি। জবাবে ব্রিটিশ হাইকমিশনার প্রত্যাবাসনে যুক্তরাজ্যের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।
এ ছাড়া সৃজনশীল অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ, সাংস্কৃতিক বিনিময়, সংসদীয় কূটনীতি, নারীর ক্ষমতায়ন এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
যুক্তরাজ্যে সাম্প্রতিক সফরের প্রসঙ্গ তুলে শামা ওবায়েদ ইসলাম অক্সফোর্ডের অ্যাশমোলিয়ান জাদুঘরের সঙ্গে তাঁর আলোচনার কথা জানান। বাংলাদেশের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা এবং সাংস্কৃতিক বিনিময় জোরদারে জাদুঘরটির সঙ্গে সহযোগিতা গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন তিনি।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন দুই দেশের প্রতিনিধিরা।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








