নীলফামারীর ডিমলায় দেড় বছরেও শেষ হয়নি কালভার্ট নির্মাণ কাজ
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় বক্স কালভার্ট নির্মাণের কাজ শুরু করে মাঝপথে বন্ধ রেখেছেন ঠিকাদার। নির্ধারিত সময় পেরিয়ে প্রায় ১৮ মাস অতিবাহিত হলেও শেষ হয়নি নির্মাণকাজ। সড়কের মাঝখানে খুঁড়ে রাখা বড় গর্তে জমেছে পানি। এতে ঝুনাগাছ চাপানী ইউনিয়নের তিস্তা নদীসংলগ্ন চরাঞ্চলের কয়েক হাজার মানুষের চলাচল, কৃষিপণ্য পরিবহন ও শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের বিজির বাজার এলাকায় সৈকতপাড়া গ্রামের সড়কে নির্মাণাধীন এ কালভার্টের অবস্থান। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ২০২৪-২৫ অর্থবছরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় ৯ দশমিক ৯৬ মিটার দৈর্ঘ্যের বক্স কালভার্ট নির্মাণের উদ্যোগ নেয়। ২০২৪ সালের ৬ জুন কাজ শুরু হয়ে ২০২৫ সালের ৩০ জুনের মধ্যে শেষ করার কথা থাকলেও আজও কাজ অসম্পূর্ণ রয়েছে।
সরেজমিনে দেখা যায়, কালভার্টের নিচের ও দুই পাশের কিছু অংশে কংক্রিটের কাজ হলেও ওপরের অংশ অসমাপ্ত। কোথাও কাঠের শাটারিং, কোথাও বাঁশের খুঁটি লাগানো। দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় কংক্রিটের বিভিন্ন স্থানে ফাঁপা অংশ ও বেরিয়ে থাকা পাথর-খোয়া দেখা যাচ্ছে। পাশের ধানিজমির পানি গড়িয়ে নির্মাণাধীন গর্তে জমে জলাশয়ের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুনস্থানীয় কৃষক মো, আমজাদ হোসেন বলেন, আগে কষ্ট হলেও ফসল নিয়ে চাপানী হাটে যাওয়া যেত। এখন কালভার্টের মাঝখানে বড় গর্ত থাকায় কৃষিপণ্য পরিবহন কঠিন হয়ে পড়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) কার্যালয় সূত্রে জানা যায়, প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ৩১ লাখ ৫৫ হাজার ৬৪০ টাকা এবং চুক্তিমূল্য ২৯ লাখ ৭৯ হাজার ৮৬০ টাকা। কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায় মেসার্স শিরিন সুলতানা নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ পর্যন্ত কাজের অগ্রগতি ৫৫ শতাংশ। বিপরীতে ঠিকাদার ৯ লাখ ৮১ হাজার ৫০০ টাকা বিল উত্তোলন করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরানুজ্জামান বলেন, ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন







