নওগাঁ পৌর এলাকায় চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ পৌরসভার উকিলপাড়া স্লুইসগেট এলাকায় দীর্ঘদিনের চলাচলের রাস্তা ইটের গাঁথুনি দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। ফলে ওই এলাকার প্রায় ৫০টি পরিবারের সদস্য এবং শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষে মো. ফয়সাল হাসান নওগাঁ পৌরসভার প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উকিলপাড়া স্লুইসগেট সংলগ্ন এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে মৃত বাদশা হোসেনের বাড়ির পাশ দিয়ে যাতায়াত করে আসছিলেন। সম্প্রতি পৌরসভার আইন অমান্য করে তার ওয়ারিশরা চলাচলের পথে ইটের গাঁথুনি দিয়ে পুরো রাস্তা বন্ধ করে দেন। রাস্তাটি বন্ধ হওয়ায় প্রতিদিনের যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ ব্যাহত হচ্ছে।
এদিকে এলাকাবাসীর লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার নওগাঁ পৌরসভা কার্যালয় থেকে একটি নোটিশ জারি করা হয়। পৌরসভার প্রশাসক টি.এম.এ মমিন স্বাক্ষরিত ওই নোটিশে অবৈধভাবে সীমানা প্রাচীর নির্মাণ করায় তা আইনের পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে। এছাড়াও চিঠি পাওয়ার সাথে সাথে নিজ দায়িত্বে সকল অবৈধ নির্মাণকাজ বন্ধ ও অপসারণ করার নির্দেশ দেয়া হয়।
আরও পড়ুনএ বিষয়ে নওগাঁ পৌরসভার প্রশাসক টি.এম.এ মমিন জানান, পৌরসভার পক্ষ থেকে অভিযোগ তদন্ত ও শুনানি শেষে নিয়মতান্ত্রিক উপায়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন







