ভিডিও করায় অন্য শ্রমিকদের হাতে মারধরের শিকার, আহত পোশাক শ্রমিকের মৃত্যু
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হওয়া গার্মেন্টস কর্মী তৌফিক হোসেনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ঢাকার উত্তরার শিন শিন জাপান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত্যুর পর ওই দিনই তৌফিকের মরদেহ গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিয়ে যায় পরিবার। ২১ বছর বয়সী তৌফিক গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের তবি খাঁর ছেলে। তিনি গাজীপুর মহানগরীর বাংলাবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং লায়লা স্টাইলস লিমিটেড কারখানায় কাজ করতেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত রোববার (১ নভেম্বর) বাংলাবাজার এলাকায় শ্রমিক আন্দোলন চলাকালে মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন তৌফিক। এ সময় কয়েকজন বিক্ষোভকারী তার ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এতে গুরুতর আহত হন তিনি। পরে শ্রমিকরাই তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।
আরও পড়ুনসেখানে অবস্থার অবনতি হলে তৌফিককে উত্তরার শিন শিন জাপান হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, শ্রমিকের মৃত্যুর খবর তারা পেয়েছেন। আন্দোলনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে পুলিশের অভিযানে তৌফিক আহত হননি। ভিডিও ধারণের সময় শ্রমিকদের মারধরেই তিনি আহত হয়েছিলেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








