বগুড়ায় ফতেহ আলী ব্রিজ এলাকায় ফুটপাত দখলমুক্ত করার কড়া বার্তা
স্টাফ রিপোর্টার: বগুড়া মহানগরের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকা শাহ ফতেহ আলী ব্রিজের পশ্চিমপাড় এবং ফতেহআলী মোড়কে অবৈধ দখলমুক্ত করতে আবারও জোরালো অভিযান পরিচালনা করেছে ট্রাফিক পুলিশ। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. সালেকুজ্জামানের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
দীর্ঘদিন ধরে ওই এলাকার ফুটপাত ও সড়কের কিছু অংশ অবৈধভাবে দখল করে ভ্রাম্যমাণ দোকানপাট বসানোর কারণে সাধারণ পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছিল। এর ফলে ওই পয়েন্টে প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হতো, যা চরম জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছিল।
অভিযান চলাকালে ট্রাফিক ইন্সপেক্টর মো. সালেকুজ্জামান ফতেহ আলী মোড় ও সংলগ্ন এলাকার অবৈধ দোকানপাট উচ্ছেদ করেন। তবে এবার শুধু হকার বা অস্থায়ী দোকানদারদের সরিয়ে দিয়েই ক্ষান্ত হয়নি ট্রাফিক বিভাগ, বরং স্থানীয় স্থায়ী দোকান মালিকদের জন্যও কঠোর সতর্কবার্তা জারি করা হয়েছে।
আরও পড়ুনসতর্কবার্তায় জানিয়ে দেওয়া হয়েছে যে, এখন থেকে কোনো স্থায়ী দোকানের সামনের অংশে বা বারান্দায় যদি নতুন করে কোনো হকার বা অবৈধ দোকান বসানো হয়, তবে সেই হকারদের পাশাপাশি সংশ্লিষ্ট স্থায়ী দোকানদারকেও বড় অঙ্কের জরিমানার মুখোমুখি হতে হবে। প্রশাসনের এই কড়া অবস্থানের ফলে এলাকার ব্যবসায়ী মহলেও তোলপাড় শুরু হয়েছে।
স্থানীয় সচেতন মহল ও পথচারীরা ট্রাফিক পুলিশের এই সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত এ ধরনের তদারকি ও কঠোর পদক্ষেপ বজায় না রাখলে ফুটপাত দখলমুক্ত রাখা সম্ভব নয়। ট্রাফিক পুলিশের এই ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে শাহ ফতেহ আলী ব্রিজ সংলগ্ন এলাকার দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগ অনেকাংশেই কমে আসবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন








