ওমরাহযাত্রীদের প্রত্যাবর্তনে ধর্মমন্ত্রীর উদ্যোগ, ৪০ জনকে বিমানবন্দরে অভ্যর্থনা
সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলাজনিত ঘটনায় আটকে পড়া বাংলাদেশি ওমরাহযাত্রীদের শেষ কাফেলার ৪০ সদস্য দেশে ফিরেছেন। রোববার (২৫ অক্টোবর) দুপুরে জেদ্দা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ধর্মমন্ত্রীর নির্দেশনায় তাদের অভ্যর্থনা জানানো হয়।
ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর নির্দেশনায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পরিচালক (হজ) মো. লোকমান হোসেন, জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদসহ মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে তাদের স্বাগত জানান।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ওমরাহযাত্রীদের নিরাপদে দেশে ফেরাতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক সমন্বয় করা হয়। সৌদি আরবে অবস্থানকালে ধর্মমন্ত্রী তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।
এ ছাড়া ধর্মমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে সৌদি আরবে অবস্থানরত যাত্রীদের দুই দিনের খাবার ও পোশাকের ব্যবস্থা করা হয়। দেশে ফেরার পর তাঁদের আপ্যায়ন এবং নিজ গন্তব্য সিরাজগঞ্জ শহরে পৌঁছে দিতে যানবাহনের ব্যবস্থাও করা হয়। এসব ব্যয় ধর্মমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে বহন করা হয়েছে বলে জানানো হয়।
দেশে ফিরে ওমরাহযাত্রীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। কাফেলার নেতৃত্বে থাকা মুয়াল্লিম আব্দুল্লাহ-আল-মামুন জানান, সৌদি আরবে অবস্থানকালে ধর্মমন্ত্রী প্রতিনিয়ত তাঁদের খোঁজখবর নিয়েছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাঁদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুনতিনি আরও জানান, লাগেজ না পাওয়ায় যাত্রীরা বিপাকে পড়েছিলেন। এ অবস্থায় ধর্মমন্ত্রীর নির্দেশনায় তাঁদের খাবার, পোশাক ও প্রয়োজনীয় ওষুধপত্র সরবরাহ করা হয়। দেশে ফেরার পর আপ্যায়ন এবং সিরাজগঞ্জে নিরাপদে পৌঁছানোর জন্য যানবাহনের ব্যবস্থা করায় তাঁরা ধর্মমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি আল্লাহর মেহমানদের খেদমতে আরও বেশি কাজ করার তাওফিক চেয়ে মন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।
ওমরাহযাত্রীরা তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ায় রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, মক্কা ও মদিনা হজ মিশন, রাজকীয় সৌদি সরকার এবং সৌদি এয়ারলাইনস কর্তৃপক্ষকেও আন্তরিক ধন্যবাদ জানান।
উল্লেখ্য, রিয়াদে হুথি বিদ্রোহীদের হামলার ঘটনায় আহত বাংলাদেশি ওমরাহ কাফেলার সাতজন সদস্য সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








