জয়পুরহাটের বাগজানায় ১৪৮ বছরের পুরোনো রেল ব্রিজের সংস্কারকাজ শুরু
বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি-হিলি রেলপথের পরিত্যক্ত বাগজানা স্টেশনের দক্ষিণ পাশে অবস্থিত ২৮৩ নম্বর গার্ডার ব্রিজটির সংস্কারকাজ শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল। দীর্ঘ ১৪৮ বছর আগে ১৮৭৮ সালে ইট, চুন ও সুড়কি দিয়ে তৎকালীন ব্রিটিশ সরকার কালভার্টটি নির্মাণ করেছিল।
একসময় ঈশ্বরদী থেকে পার্বতীপুর হয়ে এ পথ দিয়েই দার্জিলিং পর্যন্ত মেইল ও লোকাল ট্রেন চলাচল করত। ১৮৭৮ সালে নির্মাণের পর দীর্ঘ সময় কালভার্টটিতে আর বড় কোনো সংস্কার করা হয়নি। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনী ব্রিজের নিচে বাংকার তৈরি করে।
পরবর্তী সময়ে ভারতীয় মিত্রবাহিনীর বিমান হামলায় বাংকারটি ধ্বংস হওয়ার পাশাপাশি ব্রিজটির আংশিক ক্ষতি হয়। স্বাধীনতার পর সামান্য সংস্কারের মাধ্যমে আবার ট্রেন চলাচল শুরু করা হয়েছিল। দীর্ঘদিন ধরে নিয়মিত ট্রেন চলায় ব্রিজের পিলারে ফাটল ধরে এবং ব্রিজটি চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ট্রেন চলাচলের সময় অতিরিক্ত শব্দ ও ঝাঁকুনিতে যাত্রীরা আতঙ্কে থাকতেন।
অবশেষে ১৪৮ বছর পর ১০ ফুট দৈর্ঘ্যের কালভার্টটি ভেঙে প্রায় ৮৫ লাখ টাকা ব্যয়ে নতুন ‘বক্স কালভার্ট’ পুননির্মানের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার সকাল থেকে বিকল্প পথে ট্রেন চলাচলের জন্য শতাধিক কর্মচারী নতুন অস্থায়ী রেললাইন স্থাপনের কাজ করছেন। বর্তমানে বিকল্প লাইন দিয়ে ধীরগতিতে ট্রেন চলাচল করছে।
আরও পড়ুনএই গুরুত্বপূর্ণ রেলপথে প্রতিদিন উত্তর, দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটে ২০ জোড়া ট্রেন যাতায়াত করে। পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী প্রকৌশলী হাসান আলী জানান, ব্রিটিশ আমলে চুন, সুড়কি ও ভাতের মাড় দিয়ে নির্মিত ব্রিজের পিলারগুলোর স্থায়িত্ব ও কার্যক্ষমতা নষ্ট হয়ে গিয়েছিল। ফলে ট্রেন যাওয়ার সময় ঝাঁকুনি হতো এবং চারপাশ কেঁপে উঠত।
পুরোনো ব্রিজটি ভেঙে আধুনিক আরসিসি ঢালাইয়ের বক্স কালভার্ট তৈরি করা হচ্ছে। তিনি আরও জানান, ঈশ্বরদী-পার্বতীপুর রেলপথে ছোট-বড় মোট ১১২টি ব্রিজ রয়েছে। পর্যায়ক্রমে সব ঝুঁকিপূর্ণ ব্রিজ ভেঙে নতুন করে পুননির্মাণ করা হবে।
মন্তব্য করুন








