উদ্বোধনের পাঁচ বছরেও চালু হয়নি দাসিয়ারছড়ার আইসিটি সেন্টার
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীর সাবেক ছিটমহল দাসিয়ারছড়ায় নির্মিত আইসিটি সেন্টারটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। সাবেক ছিটমহলের বাসিন্দাদের ডিজিটাল সেবার আওতায় আনতে ৫৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত আইসিটি সেন্টারটি ২০২১ সালে উদ্বোধন করার পাঁচ বছর পার হলেও সেটি চালু হয়নি।
ভবনটি দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় অবহেলার চিহ্ন স্পষ্ট। স্থানীয়দের অভিযোগ, উদ্বোধনের পর সেখানে কিছু আনুষ্ঠানিকতা হলেও এর কার্যক্রম শুরু হয়নি। অব্যবহৃত পড়ে থাকায় ভবনের দরজা-জানালা, বৈদ্যুতিক সরঞ্জাম ও আসবাবপত্র নষ্ট হতে বসেছে।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সরেজমিন দেখা যায়, বেলা ১১টা পার হলেও আইসিটি সেন্টারে ঝুলছে তালা। প্রবেশ পথে গরু বাঁধাসহ শুকনো খড়কুটো আর ময়লা আবর্জনায় ভরা। সিঁড়ি বেয়ে উঠার রাস্তায় সিগারেটের অবশিষ্ট আর প্যাকেটের স্তুপ। জানালাগুলো ভেঙে পড়ে আছে। ভেতরে চারপাশ মাকড়সার জাল আর ধুলায় ঢাকা।
ছিটমহলে অবস্থিত দাসিয়ারছড়া মহাবিদ্যালয়ের আইসিটিবিষয়ক শিক্ষক জয়ন্ত চন্দ্র সরকার বলেন, ছিটমহলের শিক্ষার্থী ও তরুণদের কম্পিউটার শিক্ষা, ইন্টারনেট সুবিধা এবং ডিজিটাল সেবা দেওয়ার কথা ছিল এই সেন্টার থেকে। বাস্তবে তারা কোনো সুবিধাই পাননি। এটি সরকারি অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুনদাসিয়ারছড়া মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মাহমুদ হাসান বলেন, আইসিটি সেন্টারটি চালু থাকলে কম্পিউটার প্রশিক্ষণ, অনলাইন আবেদন, চাকরির প্রস্তুতি ও বিভিন্ন ডিজিটাল সেবা সহজেই পাওয়া যেত। বছরের পর বছর ধরে ভবনটি বন্ধ থাকায় আমরা সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি।
ছিটমহল বিনিময়ের আন্দোলনের নেতা ও স্থানীয় বাসিন্দা মো. আলতাফ হোসেন বলেন, এলাকার শিক্ষিত ছেলেমেয়েদের কম্পিউটার শিখতে ফুলবাড়ী ও কুড়িগ্রামে যেতে হয়। আইসিটি সেন্টারটি চালু হলে এই এলাকার শিক্ষিত তরুণ-তরুণীদের উিপকার হত।
উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আইসিটি অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, দাসিয়ারছড়া আইসিটি সেন্টারটিতে কিছু অবকাঠামো দিক দুর্বলতা রয়েছে। ভবনের ছাদ চুইয়ে পানি পড়ে, লোকবলও নেই। সমস্যার সমাধানে ইউএনওর মাধ্যমে রংপুরে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠিয়েছি।
মন্তব্য করুন







