ক্যারিয়ারের সুবর্ণ সময়ে মাহা
কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত দর্শক সমাদৃত সিনেমা ‘প্রেসার কুকার’-এ সামিয়া চরিত্রে অভিনয় করে বেশ আলোচনায় এসেছিলেন এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী নাঈমা আলম মাহা। সিনেমায় অভিনয় করে দর্শকের কাছ থেকে মাহা যে সাড়া এবং ভালোবাসা পেয়েছেন সেই ভালোবাসার রেশ কাটতে না কাটতেই এবার তিনি নতুন একটি ধারাবাহিক নিয়ে উপস্থিত হয়েছেন তার ভক্ত দর্শকের জন্য। এটিএন বাংলায় প্রচার শুরু হওয়া এই ধারাবাহিকের নাম ‘দলছুট পাখিরা’। মাহামুদ হাসান শিকদারের রচনা ও পরিচালনায় নতুন এই ধারাবাহিকের অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করছেন তিনি।
মাহা বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট-এর পর দলছুট পাখিরা-ই আমার অভিনীত নতুন ধারাবাহিক। বলা যায় গল্পটা আমি এবং আমার মতো আরো কয়েকটি চরিত্রকে ঘিরেই আবর্তিত। আমাদের জীবনেরই গল্প উঠে এসেছে এই ধারাবাহিক নাটকে। নির্মাতা অনেক যত্ন নিয়ে ধারাবাহিক এই নাটকটি নির্মাণ করার চেষ্টা করেছেন। এরইমধ্যে নাটকটি এটিএন বাংলায় প্রচার শুরু হয়েছে। একটু একটু করে আমরা সাড়া পেতে শুরু করেছি। আশা করছি নাটকটি দর্শকের কাছে প্রিয় এক নাটকে পরিণত হবে। কারণ সত্যিকার অর্থেই গল্পটা খুব সুন্দর। আর যেহেতু নাটকটির নির্মাতাই রচয়িতা যে কারণে তিনি খুব বুঝে শুনেই নাটকটি নির্মাণ করেছেন।’
মাহা ছাড়াও এই ধারাবাহিকে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন রেজমিন সেতু, জান্নাত আক্তার সূচি, মেঘা শ্রুতি, আয়েশা আক্তার কণা, ফাতেমা হীরাসহ আরো অনেকে।
আরও পড়ুনঅমির ব্যাচেলর পয়েন্ট-নাটকে অভিনয় করেও বেশ আলোচনায় রয়েছেন মাহা। বলা যায় ক্যারিয়ারের সুবর্ণ সময়ে আছেন তিনি। যে কারণে এখন নাটকে কাজ করার ব্যাপারেও বেশ চুজি হয়ে উঠেছেন। প্রতিনিয়তই তার কাছে স্ক্রিপ্ট আসছে, তিনি সময় নিয়ে তা পড়ছেন, ভাবছেন এবং তারপর তিনি সিদ্ধান্ত জানাচ্ছেন কাজ করবেন কী করবেন না। সম্মানীর বিষয়টা আসছে তারও পরে। বরিশাল সরকারী বালিকা বিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী কিছুদিন আগে তার এই শিক্ষা প্রতিষ্ঠানটি নিয়েও আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। মনে পড়ে গিয়েছিল তার পাঁচ টাকা দিয়ে স্কুলের সামনে আচার কিনে খাওয়া কিংবা দশ টাকা দিয়ে ঝালমুড়ি কিনে খাওয়ার দিনগুলোর কথা। মনে পড়ে তার স্কুলে ও পুকুরপাড়ে বসে বন্ধুদের নিয়ে এসব কিছু খাওয়ার মুহূর্তের কথা।
মাহা জানান, আগামীতে তিনি আরো ভালো গল্পের সিনেমাতে কাজ করতে চান। এই সময়ে তিনি অনেক বেশি কাজ করার পক্ষপাতি নন। ভালো কাজ করলে চোখে পড়বে সবার-এমন ভাবনা নিয়ে তিনি ভালো কাজের অপেক্ষাতেই আছেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








