থানায় লালন-পালন হওয়া ৬ গরু নিলামে উঠছে
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর থানা পুলিশের অভিযানে এক গরু চোরের বাড়ি থেকে উদ্ধার হওয়া ৫টি গরুর লালন-পালন হচ্ছে থানায়। ১ মাসের বেশি সময় ধরে একজন লোকের মাধ্যমে গরুগুলোর দেখভাল করছেন থানার ওসি মোহাম্মদ জাকারিয়া মন্ডল।
সম্প্রতি একটি গরু থেকে এঁড়ে বাছুরের জন্ম হয়েছে। এ বিষয়ে দৈনিক করতোয়ায় সংবাদ প্রকাশ হয়। এদিকে, গরুগুলোর প্রকৃত মালিককে না পাওয়ার শর্তে আদালত থেকে নিলাম আদেশ জারি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর কার্যালয় নওগাঁর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও নিলাম বিক্রয় কমিটির সদস্য সচিব মো. আবদুর রহমান স্বাক্ষরিত এক নিলাম বিজ্ঞপ্তির মাধ্যমে গরুগুলো নিলামে বিক্রির বিষয়টি জানা গেছে। আদেশ অনুযায়ী আগামী ৩০ আগস্ট বেলা ৩টায় থানা প্রাঙ্গণে প্রকাশ্যে শর্তসাপেক্ষে গরুগুলো নিলামের মাধ্যমে বিক্রি করা হবে বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ জাকারিয়া মন্ডল।
ওসি বলেন, গত জুলাই মাসে জেলার রাণীনগর, আত্রাই, বদলগাছি, মহাদেবপুর উপজেলার কয়েকটি স্থানে ডাকাতির ঘটনায় গত ১৪ জুলাই জেলা গোয়েন্দা শাখা এবং রাণীনগর থানা পুলিশ অভিযান শুরু করে। অভিযানে নাটোরের নলডাঙ্গা থানা এলাকা থেকে নওগাঁর গরু চোর আসলামকে র্যাবের সহযোগিতায় গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী ১৫ জুলাই নাটোরের সিংড়া উপজেলার ছোট চৌগ্রামে অভিযান পরিচালনা করে অসিতকে আটক করা হয়। পরে তার গোয়ালঘর থেকে ৫টি চোরাই গরু উদ্ধার করা হয়।
আরও পড়ুনএরপর প্রকৃত মালিকের সন্ধান না পাওয়া পর্যন্ত আদালতের নির্দেশনা মোতাবেক গরুগুলোকে থানা প্রাঙ্গণে রাখার ব্যবস্থা করা হয়। সেখানে চুক্তিভিত্তিক লোকের মাধ্যমে গরুগুলোর দেখভাল করা হচ্ছে। সম্প্রতি একটি গরু এঁড়ে বাছুরের জন্ম দিয়েছে।
নিয়মিত উপজেলা প্রাণিসম্পদ বিভাগের মাধ্যমে গরুগুলোর স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রমও অব্যাহত রাখা হয়েছে। নিলামের মাধ্যমে বাছুরসহ ৬টি গরুই বিক্রি করা হবে। শর্তসাপেক্ষে যে কেউ এই নিলাম কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন।
মন্তব্য করুন







