আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো বগুড়ার শাহ ফতেহ আলী সেতু
স্টাফ রিপোর্টার : বগুড়ার করতোয়া নদীর ওপর নির্মিত শাহ ফতেহ আলী সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (৮ আগস্ট) বিকেলে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম আনুষ্ঠানিকভাবে সেতুটির উদ্বোধন করেন।

এসময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বগুড়া জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা এমপি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এমপি, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান ও পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ অন্যান্যরা নবনির্মিত সেতুটি ঘুরে দেখেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এসময় সেতু এলাকায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। উল্লেখ্য, ১৯৭০ সালে নির্মিত ফতেহ আলী ব্রিজকে ২০১৮ সালের আগস্টে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। এর প্রায় তিন মাস পর ব্রিজটির ওপর দিয়ে ভারি যান চলাচল বন্ধে উভয়পাশে তিনটি করে ছ’টি পিলার বসানো হয়।
আরও পড়ুন২০২২ সালের ৩১ জুলাই বাংলাদেশ সড়ক ও সেতু মন্ত্রণালয় সেতুটির নকশা ও অর্থ বরাদ্দ অনুমোদন করে। ২২ কোটি টাকা ব্যয়ে ওই বছরের নভেম্বরেই ব্রিজটির নির্মাণ কাজ শুরু কথা ছিল। তবে ২০২৩ সালের ২২ মে ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয়। ব্রিজটির দৈর্ঘ্য ৬৮ মিটার আর চওড়া ১২ দশমিক ৩ মিটার।
এরমধ্যে সেতুর দু’পাশে আড়াই মিটার করে হাঁটাপথসহ (ফুটপাত) ব্রিজটি দৃষ্টিনন্দন করার পাশাপাশি আধুনিকভাবেও নির্মাণ করা হয়েছে। সৌন্দর্যবর্ধনসহ আরও কিছু কাজ সম্পন্ন হওয়ার পর অবশেষে ব্রিজটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো।
ব্রিজটি সম্পূর্ণভাবে চালুর পর সারিয়াকান্দি ও গাবতলী এই দুই উপজেলার কয়েক লাখ মানুষসহ পূর্ববগুড়ার লাখ লাখ মানুষের দীর্ঘদিরেন দুর্ভোগ লাঘব হয়েছে।
মন্তব্য করুন









