ভিডিও সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৭ জুলাই, ২০২৬ ০২:৩৬ পিএম

মামদানির হুঁশিয়ারি উপেক্ষা করে নিউইয়র্কে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর

মামদানির হুঁশিয়ারি উপেক্ষা করে নিউইয়র্কে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর , ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির আপত্তি সত্ত্বেও জাতিসংঘের অধিবেশনে যোগ দেয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একইসঙ্গে মামদানিকে কড়া ভাষায় আক্রমণও করেছেন তিনি। যদিও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কয়েকটি জনমত জরিপে দেখা গেছে, দেশটির ইহুদিদের মধ্যে নেতানিয়াহুর জনপ্রিয়তা মামদানির চেয়েও কম।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ফক্স নিউজের ‘সানডে মর্নিং ফিউচারস উইথ মারিয়া বার্তিরোমো’ অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু নিউইয়র্কে যাওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে মামদানির বিরুদ্ধে একাধিক ভিত্তিহীন অভিযোগও তোলেন তিনি। নেতানিয়াহু বলেন, ‘আমি জাতিসংঘের মঞ্চে গিয়ে সত্য তুলে ধরব। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটের পক্ষে কথা বলব।’ মেয়র জোহরান মামদানি এর আগে বলেছিলেন, নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে এলে তাকে গ্রেপ্তার করা উচিত। ইসরায়েলের সমালোচনা এবং ফিলিস্তিনিদের অধিকারের প্রতি মামদানির সমর্থন তাকে যুক্তরাষ্ট্রের ইসরায়েলপন্থি মহলের সমালোচনার মুখে ফেলেছে। তারা মামদানির এই অবস্থানকে ইহুদিবিদ্বেষ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে।

সাক্ষাৎকারে নেতানিয়াহুও একই অভিযোগ করে বলেন, ‘তিনি (মামদানি) ঘৃণা ছড়াচ্ছেন। তার তো নিউইয়র্কের সব নাগরিকের ইহুদি, খ্রিস্টান, মুসলিম, সবার মেয়র হওয়ার কথা। কিন্তু তিনি এক গোষ্ঠীকে আরেক গোষ্ঠীর বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছেন। আমি ইহুদি-আমেরিকানদের সঙ্গে কথা বলি, তারা এখন ভীত।’

আরও পড়ুন

প্রসঙ্গত, গাজায় মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে ২০২৪ সালের নভেম্বরে নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। নির্বাচনী প্রচারের সময় মামদানি বলেছিলেন, নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেপ্তার করবেন। তবে সম্প্রতি তিনি স্পষ্ট করেন, নেতানিয়াহুকে তিনি যুদ্ধাপরাধী মনে করলেও নিউইয়র্ক সিটির নিজের কোনও গ্রেপ্তারের ক্ষমতা নেই।

নেতানিয়াহুর দীর্ঘদিনের অগ্রাধিকার ছিল যুক্তরাষ্ট্রকে নিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করা। তবে যুক্তরাষ্ট্রে সেই যুদ্ধও ভোটাররা ভালোভাবে নেয়নি। রোববার নেতানিয়াহু বলেন, ইরান যদি আবারও ইসরায়েলের ওপর হামলা চালায়, তাহলে সেটি হবে ‘ভয়াবহ ভুল’। সাক্ষাৎকারে নেতানিয়াহু আরও দাবি করেন, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা মামদানি ও তার স্ত্রী ‘উদযাপন’ করেছিলেন। তিনি বলেন, ‘মামদানি, তার স্ত্রী ও তার পরিবার ৭ অক্টোবরের হত্যাকাণ্ড উদযাপন করেছে। এটি ছিল হলোকাস্টের পর ইহুদিদের বিরুদ্ধে সবচেয়ে ভয়াবহ হত্যাকাণ্ড।’
অন্যদিকে জোহরান মামদানি বারবারই বলেছেন, ৭ অক্টোবর হামাসের হামলা ছিল ‘ভয়াবহ যুদ্ধাপরাধ’।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মামদানির হুঁশিয়ারি উপেক্ষা করে নিউইয়র্কে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে : মির্জা ফখরুল

পশ্চিমবঙ্গের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

ক্রিকেটার সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর

বিশ্বের যেকোন দেশের চেয়ে অনেক বেশি গোলাবারুদ রয়েছে আমাদের : ট্রাম্প

রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২