নীলফামারীর ডিমলায় বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা ব্যাহত হচ্ছে পাঠদান
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলায় টানা বর্ষণের পর সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষা পরিবেশ ভয়াবহভাবে ব্যাহত হয়েছে। মাঠে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত, খেলাধুলা এবং স্বাভাবিক পাঠদান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাঠ সংস্কার ও পানি নিষ্কাশনে সংশ্লিষ্ট দপ্তরের কার্যকর উদ্যোগ না থাকায় এ সংকট চরম আকার ধারণ করেছে।
আজ রোববার (১৯ জুলাই) উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা যায়, অধিকাংশ বিদ্যালয়ের মাঠে হাঁটুসমান পানি। শিক্ষার্থীরা কষ্ট করে শ্রেণিকক্ষে পৌঁছাতে পারলেও মাঠে নামতে পারছে না। ফলে খেলাধুলা, শারীরিক শিক্ষা এবং সহশিক্ষা কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে। দীর্ঘসময় পানির মধ্যে চলাচল করায় শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।
উপজেলা শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, ডিমলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ২১৭টি। এরমধ্যে, অর্ধেকেরও বেশি বিদ্যালয়ের মাঠে বর্তমানে জলাবদ্ধতা রয়েছে। উপজেলা প্রশাসনের হিসাবে অন্তত ১১৮টি বিদ্যালয়ের মাঠে জরুরি ভিত্তিতে মাটি ভরাট প্রয়োজন।
বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে বিদ্যালয় মাঠ সংস্কার ও পানি নিষ্কাশনের জন্য কোনো কার্যকর বরাদ্দ না থাকায় তারা নিজেরা কোনো ব্যবস্থা নিতে পারছেন না। বিষয়টি একাধিকবার উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হলেও দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।
আরও পড়ুনঅভিভাবকরা বলেন, বিদ্যালয়ের মাঠ শুধু খেলাধুলার স্থান নয়, শিক্ষার্থীদের নিরাপদ চলাচলেরও অন্যতম অংশ। কিন্তু বর্তমানে অনেক বিদ্যালয়ে শিশুদের হাঁটু পানি পেরিয়ে শ্রেণিকক্ষে যেতে হচ্ছে, যা উদ্বেগজনক।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরানুজ্জামান বলেন, আগে প্রতিটি বিদ্যালয়ের জন্য স্লিপের মাধ্যমে ছোটখাটো সংস্কারকাজের বরাদ্দ দেওয়া হতো।
গত কয়েক বছর ধরে সেই বরাদ্দ প্রায় সীমিত হয়ে বন্ধের উপক্রম। উপজেলায় ১১৮টি বিদ্যালয়ের মাঠে জরুরি ভিত্তিতে মাটি ভরাট প্রয়োজন। এ সংক্রান্ত তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসকের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।
মন্তব্য করুন







