গাইবান্ধার ফুলছড়িতে শাহ জালাল হত্যাকারীকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ
ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের কেতকিরহাট মাঝিপাড়া গ্রামের শাহ জালাল মিয়া হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। আজ রোববার (১৯ জুলাই) দুপুরে ফুলছড়ি উপজেলা পরিষদ গেটের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে হত্যাকান্ডে অভিযুক্ত গোলাম হোসেনকে দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানানো হয়।
মানববন্ধনে নিহতের স্বজন, স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এসময় বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম আকন্দ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, এইচ.এম সোলায়মান শহীদ, জাতীয় নাগরিক পার্টির উপজেলা সদস্য সচিব জাহিদ হাসান জীবন, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আবুল খায়ের, নিহতের স্ত্রী পারুল বেগম প্রমুখ। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে।
বক্তারা বলেন, ঘটনার পর প্রধান অভিযুক্ত গোলাম হোসেনকে এখনও গ্রেফতার করা হয়নি। বক্তারা অভিযুক্ত গোলাম হোসেনকে দ্রুত গ্রেফতার করে দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। এসময় তারা প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা না হলে ফুলছড়ি থানা ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে।
আরও পড়ুনফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন







