শাপলা চত্বর হত্যাযজ্ঞ
প্রসিকিউশনের হাতে তদন্ত প্রতিবেদন, হাসিনা-আজিজসহ আসামি ৪১
২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজসহ ৪১ জনকে এতে আসামি করা হয়েছে।
আজ রোববার (১৯ জুলাই) সকালে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এই প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে হস্তান্তর করে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তদন্ত সংস্থা সূত্রে জানা গেছে, ৪১ জন আসামির মধ্যে আরও রয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির। একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু ও সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপা। সেই সঙ্গে তৎকালীন পুলিশ ও র্যাব প্রধানসহ ডিএমপি কমিশনারকেও এতে আসামি করা হয়েছে।
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত সংস্থা ইতোমধ্যে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে। বর্তমানে সেটি পর্যালোচনার কাজ চলছে। আগামী ২১ জুলাই নির্ধারিত সময়েই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।
আরও পড়ুনএদিকে মামলার অগ্রগতি সম্পর্কে সরাসরি তথ্য জানতে সকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতাদের সমন্বয়ে ১০ থেকে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে আসেন। তারা প্রসিকিউশনের সঙ্গে দীর্ঘ সময় মামলার হালনাগাদ পরিস্থিতি নিয়ে কথা বলেন।
উল্লেখ্য, ২০১৩ সালের পাঁচ মে কুরআন-সুন্নাহবিরোধী আইন বাতিল এবং ধর্ম অবমাননার সর্বোচ্চ শাস্তিসহ ১৩ দফা দাবিতে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে মহাসমাবেশ ডাকে হেফাজতে ইসলাম। ওই দিন দিনভর সংঘর্ষের পর রাতে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিত অভিযান চালায়, যেখানে ব্যাপক হতাহতের দাবি করা হয়। তবে তৎকালীন আওয়ামী লীগ সরকার বরাবরই এই হত্যাযজ্ঞের তথ্য ও হতাহতের সংখ্যা অস্বীকার করে আসছিলো।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








