ফাইনাল ম্যাচে শুরুর একাদশে বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্কালোনি
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছে আর্জেন্টিনা। শনিবারের অনুশীলনে দল সাজানোর ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিতও দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। একই সঙ্গে আবহাওয়াজনিত কারণে স্পেন মাঠে অনুশীলন করতে না পারায় প্রস্তুতির দিক থেকে কিছুটা এগিয়ে থাকল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
শনিবার দুপুরে নিউ জার্সির রেড বুলস পারফরম্যান্স সেন্টারে ফাইনালের আগে শেষ অনুশীলনে নামে আর্জেন্টিনা। তবে বৃষ্টি ও ঝড়ের কারণে নির্ধারিত সময়ের তুলনায় অনুশীলন শুরু হতে দেরি হয়। অন্যদিকে প্রতিকূল আবহাওয়ার কারণে লুইস দে লা ফুয়েন্তের স্পেন মাঠের অনুশীলন পুরোপুরি বাতিল করতে বাধ্য হয়।
এদিনের অনুশীলন ছিল আগের দিনের তুলনায় কিছুটা ভিন্ন। প্রথম ১৫ মিনিট সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত রাখা হলেও খেলোয়াড়রা শুরুতে জিমে অনুশীলন করেন। এরপর পরিকল্পনার চেয়ে কিছুটা দেরিতে মাঠে নামেন তারা।
বৃষ্টির মধ্যেই অনুশীলন শেষ করে আর্জেন্টিনা। বিপরীতে যুক্তরাষ্ট্রের ‘স্টর্ম সেফটি প্রোটোকল’ অনুসরণ করে স্পেন মাঠে নামতে না পারায় প্রস্তুতির ক্ষেত্রে আর্জেন্টিনা কিছুটা বাড়তি সুবিধা পেয়েছে।
আরও পড়ুনআবহাওয়ার উন্নতির অপেক্ষায় ছিলেন স্কালোনি ও তার কোচিং স্টাফ। পরিস্থিতি অনুকূলে আসার পরই অনুশীলন শুরু হয়। বরাবরের মতো এদিনও সম্ভাব্য একাদশের ইঙ্গিত দিতে ১৩টি জার্সি বিতরণ করেন স্কালোনি। তবে নাহুয়েল মলিনার পরিবর্তে গঞ্জালো মন্তিয়েলের হাতে জার্সি তুলে দেওয়া নজর কেড়েছে। যদিও তিনি শুরু থেকেই খেলবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে শুরু করা ১০ জন ফুটবলারের পাশাপাশি জিওভানি লো সেলসো ও রদ্রিগো দে পলও জার্সি পান। ফলে তারাও ফাইনালের শুরুর একাদশে জায়গা পেতে পারেন। দে পলের সঙ্গে জুলিয়ানো সিমিওনের এবং লো সেলসোর সঙ্গে পুরোপুরি ফিট না থাকা লেয়ান্দ্রো পারেদেসের জায়গা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা চলছে।
এদিকে, আগের দিন অনুশীলনের সময়সূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন স্কালোনি। তার ভাষায়, সংবাদ সম্মেলনের কারণে দলকে অনাকাঙ্ক্ষিত সময়ে অনুশীলন করতে হয়েছে এবং তাড়াহুড়োর কারণে পরিকল্পনামাফিক প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি। তবে শেষ অনুশীলন শেষ করে এখন পুরোপুরি ফাইনালের দিকেই মনোযোগ আর্জেন্টিনার।
মন্তব্য করুন






_medium_1784363360.jpg)

