রাজশাহীর গোদাগাড়ীতে পরিত্যক্ত গভীর গর্তে পড়ে মহিষের মৃত্যু ক্ষতিপূরণের দাবি
গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের শাহানাপাড়া গ্রামে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) একটি পরিত্যক্ত বোরহোলে বা গভীর গর্তে পড়ে একটি মহিষের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেলে ঘটনাটি ঘটে।
খবর পেয়ে গোদাগাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। তবে প্রায় ৮০ ফুট গভীর এবং প্রায় ৪ ফুট ব্যাসের সংকীর্ণ বোরহোল থেকে মহিষটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। টর্চলাইটের আলোতে মহিষটিকে দেখা গেলেও কোনো নড়াচড়া না থাকায় সেটি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
মহিষটির মালিক বিকাশ খা খা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওঁরাও সম্প্রদায়ের একজন কৃষক। তিনি জানান, দেড় লাখ টাকা ঋণ নিয়ে দু’টি মহিষ কিনেছিলেন। মাসে ১৫ হাজার টাকা কিস্তি পরিশোধ করতে হয়। মহিষ দিয়ে হালচাষ করেই তার পরিবারের জীবিকা নির্বাহ হতো। এরমধ্যে একটি এভাবে মারা যাওয়ায় তিনি চরম আর্থিক সংকটে পড়েছেন।
স্থানীয়দের অভিযোগ, গত বছরের নভেম্বর-ডিসেম্বরে কয়েকজন ব্যক্তি এখানে গভীর নলকূপ স্থাপনের জন্য বোরহোল খনন করেন। কিন্তু পরে প্রকল্পটি বাস্তবায়ন না হলেও গর্তটি খোলা অবস্থায় ফেলে রাখা হয়। তাদের গাফিলতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে ক্ষতিপূরণ দাবি করে এলাকাবাসী।
আরও পড়ুনএ বিষয়ে নাসির উদ্দিন বাবু বলেন, কয়েকজন মিলে ওই স্থানে গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল। খননের পর পানির স্তরও পাওয়া যায়। তবে জমির মালিক প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ায় প্রকল্পটি বাস্তবায়ন হয়নি।
ভবিষ্যতে নলকূপ স্থাপনের আশা থেকেই বোরহোলটি বন্ধ করা হয়নি। মহিষের মৃত্যুর ঘটনা শুনেছেন উল্লেখ করে তিনি বলেন, অন্য উদ্যোক্তাদের সাথে আলোচনা করে বিষয়টির একটি সমাধানের চেষ্টা করা হবে।
মন্তব্য করুন







