ভেনেজুয়েলা ভূমিকম্পে স্ত্রী-সন্তান নিহত আর্জেন্টাইন ফুটবলারের
জীবন আসলে এমনই। আনন্দের আড়ালে লুকিয়ে থাকে কান্না, সুখের পাশে দুঃখ, জীবনের পাশেই শুয়ে থাকে মৃত্যু। লিওনেল মেসির অসাধারণ নৈপুণ্যে আর্জেন্টিনা যখন বিশ্বকাপে শিরোপা ধরে রাখার লড়ায়ে এগিয়ে যাচ্ছে দুরন্ত গতিতে, তখন এক আর্জেন্টাইন ফুটবলার স্ত্রী-সন্তান হারিয়ে শোকে কাতর। ভেনিজুয়েলায় ভয়ংকর জোড়া ভূমিকম্পে স্ত্রী ও দুই সন্তানকে হারিয়েছেন আর্জেন্টাইন ডিফেন্ডার লুকাস ত্রেহো।
১৯৮৭ সালে আর্জেন্টিনার কর্ডোবায় জন্ম নেওয়া লুকাস ত্রেহো পেশাদার ফুটবল ক্যারিয়ারে আর্জেন্টিনা, স্পেন, গ্রিসের বিভিন্ন ক্লাবে খেলেছেন। তবে গত ১০ বছর ধরে তিনি ভেনিজুয়েলার বিভিন্ন ক্লাবে ফুটবল খেলতেন।
বর্তমানে তিনি ভেনিজুয়েলার দ্বিতীয় বিভাগের ক্লাব মারিতিমো দে লা গুয়াইরাতে খেলছেন। দীর্ঘদিন ভেনিজুয়েলায় খেলার সুবাদে তিনি ঘরও বেধেছেন এখানেই। দেশটির লা গুয়াইরা অঞ্চলের প্লায়া গ্র্যান্ডেতে একটি অ্যাপার্টমেন্টে সপরিবারে থাকতেন ত্রেহো। গত ২৪ জুন জোড়া ভূমিকম্প যখন আঘাত হানে, তখন নিজ ক্লাবের হয়ে ‘কোপা ভেনিজুয়েলা’র একটি ম্যাচ খেলার জন্য তিনি রাজধানী কারাকাসে অবস্থান করছিলেন।
দুর্ঘটনার পর থেকে ট্রেহোর স্ত্রী ইয়ানিনা মারানেল্লা এবং ছেলে আরন ত্রেহো ও মেয়ে আইনহোয়া ত্রেহোর খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্ত্রী সন্তানের খোঁজ পেতে লুকাস ট্রেহো সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আকুল আবেদন জানিয়ে লিখেছিলেন, ‘প্লায়া গ্র্যান্ডেতে আমাদের ভবনটি ধসে পড়েছে। আমি আমার পরিবারের কোনো খোঁজ পাচ্ছি না। দয়া করে সবাই তাদের জন্য প্রার্থনা করুন এবং এই বার্তাটি শেয়ার করুন—যদি কেউ তাদের দেখে থাকেন। আমি বিশ্বাস করতে চাই যে তারা সেখানে ছিল না।
আরও পড়ুনপ্লিজ আমার পরিবারের জন্য প্রার্থনা করুন।’
পাশাপাশি স্ত্রী-সন্তানদের খোঁজ পেতে ব্যাকুল লুকাস আত্মীয়-স্বজন, ফুটবলার বন্ধু, স্থানীয় স্বেচ্ছাসেবী এবং পেশাদার উদ্ধারকারী দল নিয়ে একটি মরিয়া অনুসন্ধান অভিযান চালাচ্ছিলেন। ৭৪ ঘণ্টার দীর্ঘ অনুসন্ধান শেষে শনিবার রাতে প্লায়া গ্র্যান্ডের ধসে পড়া অ্যাপার্টমেন্ট ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে লুকাসের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়।
এ লেখা পর্যন্ত ভেনিজুয়েলার প্রলয়ংকরী ভূমিকম্পে মৃতের সংখ্যা ১ হাজার ৪৩০ জন। আহত হয়েছেন সাড়ে ৩ হাজারের বেশি। এখনও নিখোঁজ রয়েছেন ৬০ হাজারেরও বেশি মানুষ। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।
মন্তব্য করুন









