বগুড়ার শিবগঞ্জ পৌরসভায় যুক্ত হলো আরও ৮ এলাকা, গ শ্রেণি থেকে খ শ্রেণিতে উন্নীতকরণ
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ পৌরসভার পরিধি আরও সম্প্রসারিত হয়েছে। ৭ মে বৃহস্পতিবার অনুষ্ঠিত নিকার বৈঠকে বগুড়া সিটি কর্পোরেশন ও মোকামতলা উপজেলাসহ ৫টি নতুন উপজেলা গঠনের পাশাপাশি 'খ' শ্রেণির শিবগঞ্জ পৌরসভায় নতুন করে আরও ৮টি এলাকা অন্তর্ভুক্তির প্রস্তাব অনুমোদন করে সম্প্রসারণ করা হয়েছে।
এ সিদ্ধান্তে শিবগঞ্জ পৌরসভা এলাকায় আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। নতুন যুক্ত হওয়া এলাকাগুলো হলো পশ্চিম জাহাঙ্গীরাবাদ,জাহাঙ্গীরাবাদ, চাঁদনিয়া শিবগঞ্জ, উথলী, নারায়ণপুর, সন্যাসী ধোন্দাকোলা মৌজা, আঁচলাই ও নাটমরিচাই মৌজার বাকি অংশ। স্থানীয়দের মতে,পৌরসভার পরিধি বৃদ্ধি পাওয়ায় নতুন অন্তর্ভুক্ত এলাকাগুলোতে নাগরিক সুবিধা,অবকাঠামো উন্নয়ন, সড়ক যোগাযোগ, ড্রেনেজ, স্যানিটেশন ও পৌরসেবার সুযোগ আরও সম্প্রসারিত হবে।
একইসঙ্গে পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে শিবগঞ্জ পৌরসভা উত্তরাঞ্চলের একটি আধুনিক ও উন্নত পৌর এলাকায় রূপ নিতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেছেন তারা। সংযুক্ত নতুন এলাকাগুলো পৌরসভার ৯টি ওয়ার্ডে পুর্নবিন্যাস করা হবে। স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, শিবগঞ্জ পৌরসভা সম্প্রসারণের বিষয়টি অনুমোদন করায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি শিবগঞ্জ পৌরবাসীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর মাধ্যমে শিবগঞ্জের সার্বিক উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হলো।
আরও পড়ুনএদিকে উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান বলেন, পৌরসভা সম্প্রসারিত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে নতুন যুক্ত হওয়া এলাকার জনগণকে প্রাণঢালা অভিনন্দন জানাই।
নিকার বৈঠকের মোকামতলা নতুন উপজেলা ও শিবগঞ্জ পৌরসভাকে সম্প্রসারিত হওয়ার সিদ্ধান্তকে বগুড়া-২ নির্বাচনী এলাকার জনগণ একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন। এর পূর্বে গ শ্রেণির পৌরসভাকে খ শ্রেণিতে উন্নত করা হয়।
মন্তব্য করুন







