ভিডিও রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৩ মে, ২০২৬, ১১:০৯ রাত

প্রধানমন্ত্রীর ঘোষণার ৯ দিনের মাথায় শহীদ জিয়া ডিগ্রি কলেজ জাতীয়করণের চিঠি 

প্রধানমন্ত্রীর ঘোষণার ৯ দিনের মাথায় শহীদ জিয়া ডিগ্রি কলেজ জাতীয়করণের চিঠি 

স্টাফ রিপোর্টার : বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীস্থ শহীদ জিয়া ডিগ্রি কলেজকে জাতীয়করণ করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে একটি চিঠি জারি করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণার ৯দিন পর এই চিঠি জারি করা হলো। এর মধ্যে দিয়ে প্রতিষ্ঠার ৩৩ বছর পর জাতীয়করণ হতে যাচ্ছে কলেজটি।

গত ২০ এপ্রিল বগুড়া সফরে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান বাগবাড়ীর শহীদ জিয়া ডিগ্রি কলেজকে জাতীয়করণের ঘোষণা দিয়েছিলেন। তার ঘোষণার মাত্র ৯ দিনের মাথায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে একটি চিঠি জারি করা হয়।

গত ২৯ এপ্রিল মন্ত্রণালয়ের বেসরকারি কলেজ-৬ শাখার সিনিয়র সহকারী সচিব মনজুরুল আলম স্বাক্ষরিত এই চিঠি দেয়া হয়। চিঠিতে বলা হয়েছে, বগুড়ার গাবতলী উপজেলার ‘শহীদ জিয়া ডিগ্রি কলেজ’ সরকারি করার লক্ষ্যে প্রধানমন্ত্রী সম্মতি প্রদান করেছেন। সরকারীকরণের পরবর্তী কার্যক্রম হিসেবে শিক্ষা মন্ত্রণালয় থেকে কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে।

এর মধ্যে রয়েছে প্রতিষ্ঠানের নিয়োগ ও স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা আরোপ, সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন পাঠানো এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো মামলা বা আর্থিক সংশ্লেষ আছে কি না, সে বিষয়ে আইন উপদেষ্টার মতামতসহ প্রতিবেদন দাখিল করা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালককে দ্রুত এই কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।

জানা যায়, প্রায় ৪ একর জমির ওপর ১৯৯৩ সালের ২১ এপ্রিল এই কলেজ প্রতিষ্ঠা হয়। কলেজে উচ্চ মাধ্যমিক, ডিগ্রি ও অনার্স কোর্সে মোট ১২৮৫ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে উচ্চ মাধ্যমিক কোর্সে আছে অন্তত ৮০০ জন। বর্তমানে শিক্ষক রয়েছেন ৬৪ জন।

এ ছাড়া আরও ২৮ জন কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা এ কলেজে। বগুড়া থেকে ঘুরে যাওয়ার মাত্র ৯ দিনের মধ্যে প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়নে কলেজ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা উচ্ছ্বাস প্রকাশ করছেন। স্থানীয়রা বলছেন, শহীদ জিয়া ডিগ্রি কলেজ এ অঞ্চলের জন্য আশীর্বাদ।

আরও পড়ুন

কিন্তু কলেজটিতে বিগত সময়ে উন্নয়নের ছোঁয়া লাগেনি। এখানে শিক্ষার মান উন্নত রাখলে আশেপাশে অধিকাংশ দরিদ্র ঘরের শিক্ষার্থীরা উপকৃত হতো। জাতীয়করণের ঘোষণার ফলে এখন সেই প্রতিবন্ধকতা আর থাকছে না। স্থানীয় ব্যবসায়ী তুষার আহমেদ জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান তার কথা রেখেছেন।

ঘোষণা অনুযায়ী এটি জাতীয়করণের সিদ্ধান্ত হয়েছে। এখন শিক্ষার্থীদের পড়ালেখার মান আরও ভালো হবে। জাতীয়করণের চিঠি আসায় অত্যন্ত খুশি শহীদ জিয়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ফজলে রহমান। তিনি জানান, দীর্ঘদিন পর এমন সিদ্ধান্ত কলেজের শিক্ষার্থী ও শিক্ষক সবার জন্য ভালো। গত ২৯ এপ্রিল চিঠি এসেছে। এখন সম্ভবত অধিদপ্তর থেকে পরিদর্শনে আসবে। শহীদ জিয়া ডিগ্রি কলেজের বর্তমান অধ্যক্ষ আব্দুল বারী বলেন, আমাদের কলেজ এমপিওভুক্ত হলেও অবকাঠামো অথবা শিক্ষার মানগত উন্নয়নে কোনো কাজ হয়নি।

এখানে উচ্চ মাধ্যমিক ছাড়াও ডিগ্রি শ্রেণি আছে। ভুগোল ও মনোবিজ্ঞান দুটি বিভাগ নিয়ে অনার্স কোর্স চালু হয়েছে। কিন্তু শিক্ষার্থীদের ল্যাব দেয়া হয়নি। ক্লাসরুম ও বইয়ের সংকট দীর্ঘদিনের। প্রধানমন্ত্রীর ঘোষণার পর চিঠি আসাতে আমরা আশার আলো দেখছি। এখন আপাতত আমরা নথিপত্র প্রস্তুত করছি। পরিদর্শনে এলে সেগুলো উপস্থাপন করব।

উল্লেখ্য, গত ২০ এপ্রিল বগুড়া সফরকালে বাগবাড়ীর এই কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে সময় স্থানীয় জনতা কলেজটি সরকারি করার দাবিতে স্লোগান ও ব্যানার প্রদর্শন করলে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে এটি সরকারি করার ঘোষণা দেন। অনুষ্ঠানে তিনি বলেন, আপনাদের দাবি এই কলেজ সরকারি করতে হবে? যান, হয়ে গেল। এই কলেজ সরকারি ঘোষণা হয়ে যাবে, কাগজ পৌঁছে যাবে। এরপর জাতীয়করণ সংক্রান্ত চিঠি দেয়া হয় শিক্ষা মন্ত্রনালয় থেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর ঘোষণার ৯ দিনের মাথায় শহীদ জিয়া ডিগ্রি কলেজ জাতীয়করণের চিঠি 

চাঁপাইনবাবগঞ্জে সোয়া ৫ হাজার ‘ভাং’ গাছ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সদ্য ভূমিষ্ঠ শিশুর মরদেহ উদ্ধার

কেন রাষ্ট্রের কাঠামোর কথা বলেন আসিফ মাহমুদরা?

বগুড়ায় বৈদ্যুতিক সেলাই মেশিন বিস্ফোরণে প্রাণ গেল কিশোরীর

নাটোরের নলডাঙ্গায় এক রাতে ৬টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি