নাটোরের নলডাঙ্গায় এক রাতে ৬টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় এক রাতেই ৬টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে উপজেলার ৩নং খাজুরা ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মাঠ থেকে এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দুর্লভপুর গ্রামের মাঠে স্থাপিত গভীর ও অগভীর নলকূপের সংযোগ থেকে সংঘবদ্ধ চোরচক্র ৬টি ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে। ভুক্তভোগী গ্রাহকরা হলেন- গ্রামের ইয়াদ আলী মন্ডল, সুলতান আলী সরদার, হাফেজ জরুল ইসলাম সুরুজ ও মিলন প্রামাণিক। এছাড়া একই গ্রামের আফসার আলী খানের দু’টি ট্রান্সফরমার চুরি হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক মিলন প্রামাণিক ও জরুল ইসলাম সুরুজ জানান, সকালে মাঠে গিয়ে তারা দেখেন খুঁটিতে ট্রান্সফরমার নেই, শুধু খোলসগুলো পড়ে আছে। তারা আক্ষেপ করে বলেন, এমনিতেই ধানের দাম আর আবাদের খরচ নিয়ে আমরা চাপে আছি, তার ওপর এ বিপদে আমাদের পথে বসার দশা। কারণ আগামী মৌসুমীর শুরুতে আবারো টাকা দিয়ে এই ট্রান্সফরমার নিতে হবে।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১’র নলডাঙ্গা জোনাল অফিসের এজিএম আবু তাহের জানান, ট্রান্সফরমার চুরির বিষয়টি আমরা জেনেছি। ওই এলাকায় বিদ্যুৎ কর্মীদের পাঠানো হয়েছে। নিয়ম অনুযায়ী ভুক্তভোগী গ্রাহকদের থানায় জিডি করতে হবে। এরপর আমাদের পক্ষ থেকে থানায় মামলা করা হবে। তিনি বলেন, নিয়ম অনুসারে আগামী মৌসুমে কৃষকদেরকে যথারীতি টাকা জমা দিয়ে নতুনভাবে ট্রান্সফরমার নিতে হবে।
আরও পড়ুনআর এ মৌসুমে এ পর্যন্ত ২০ টি ট্রান্সফরমার চুরি হয়েছে এবং নলডাঙ্গা থানায় প্রতিটি চুরির ঘটনায় মামলা রুজু করা হয়েছে। এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: নুরে আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও কৃষকদের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার প্রক্রিয়া চলছে। এ ধরণের চোর চক্রকে ধরতে পুলিশের টহল জোরদার করা হয়েছে এবং অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন







