বগুড়ার ১৩তম উপজেলা হচ্ছে মোকামতলা
স্টাফ রিপোর্টার: ১৩তম উপজেলা পেতে যাচ্ছে বগুড়া। শিবগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে মোকামতলা নামের নতুন উপজেলার সৃষ্টি হচ্ছে। উত্তরবঙ্গের কেন্দ্র বিন্দু হিসেবে পরিচিত বগুড়ার এই উপজেলা সৃষ্টি হলে ওই জনপদের ব্যপক উন্নয়নের পাশাপাশি প্রশাসনিক অবকাঠামোও হবে শক্তিশালী। শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নকে নতুন উপজেলা হিসেবে গঠন করার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত।
ইতোমধ্যে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (প্রাক-নিকার) সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর পর নিকারের সভায় প্রস্তাবটি গ্রহন করে গেজেট প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, মোকামতলাকে উপজেলা হিসেবে কার্যকর করতে কিছু বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। এর মধ্যে আছে গেজেট প্রকাশ, প্রশাসনিক কাঠামোর পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং আনুষ্ঠানিক উদ্বোধন। এসব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নতুন উপজেলা হিসেবে কার্যক্রম শুরু হবে।
বগুড়া-২ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম ইতোমধ্যে মোকামতলা ইউনিয়নকে নতুন উপজেলা হিসেবে গঠনের বিষয়টি বিভিন্নভাবে জানিয়েছেন। এ দিকে গত ১২ এপ্রিল অনুষ্ঠিত প্রাক-নিকার সচিব কমিটির সভায় বগুড়া সিটি করপোরেশন ও মোকামতলাকে উপজেলা ঘোষণাসহ আটটি প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। সেখানে মোকামতলা উপজেলা বাস্তবায়নের বিষয়টি অনুমোদন পায়।
আরও পড়ুনবগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান জানান, শিবগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে মোকামতলা উপজেলা গঠন হবে। ইউনিয়নগুলো হলো মোকামতলা, দেউলী, সৈয়দপুর, ময়দানহাট্টা এবং শিবগঞ্জ সদর ইউনিয়ন। মূলত মোকামতলা উপজেলা গঠন করার জন্য এমন প্রস্তাবনা দেওয়া হয়েছে। এর আয়তন হবে ১২৮ দশমিক ৭৪ বর্গ কিলোমিটার। নতুন উপজেলা গঠিত হলে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা নিয়ে গঠিত হবে বগুড়া-২ আসন।
মন্তব্য করুন








