মহেশখালীতে টমটমের ধাক্কায় শিশুর মৃত্যু
কক্সবাজারের মহেশখালীতে রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত টমটমের ধাক্কায় রাইয়ান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২২ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের সাইরার ডেইল জালিয়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাইয়ান ওই এলাকার জেলে রিদুয়ানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, খেলাধুলার একপর্যায়ে রাইয়ান সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি টমটম তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারসংলগ্ন ওই সড়কে প্রায়ই বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করে। এলাকায় মানুষের ভিড় বেশি থাকায় দীর্ঘদিন ধরেই দুর্ঘটনার ঝুঁকি ছিল।
আরও পড়ুনঘটনার পর স্থানীয়রা টমটমটি জব্দ করে এবং চালককে আটক করে রাখে। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে জানানো হয়।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, শিশুটি হঠাৎ সড়কে উঠে পড়লে দ্রুতগতির টমটমটি তাকে ধাক্কা দেয়। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। চালককে আটক করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







