হাইতিতে গ্যাং হামলায় নিহত অন্তত ৭০
আন্তর্জাতিক ডেস্ক : ক্যারিবীয় দেশ হাইতিতে গ্যাং সদস্যদের ভয়াবহ হামলায় অন্তত ৭০ জন নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা। আল জাজিরার খবরে এ তথ্য উঠে এসেছে।
সংস্থাটি জানায়, দেশের শস্যভান্ডার হিসেবে পরিচিত আর্টিবোনিত অঞ্চলের পেতিত-রিভিয়ের এলাকার কাছে এই হামলা ঘটে। তাদের হিসাব অনুযায়ী নিহতের সংখ্যা সরকারি পরিসংখ্যানের তুলনায় অনেক বেশি; যেখানে সরকারিভাবে মৃতের সংখ্যা ১৬ জন বলা হয়েছিল।
স্থানীয় বাসিন্দা ও কর্মকর্তাদের বরাতে জানা গেছে, রোববার ভোরে জঁ-দেনি এলাকার আশপাশের গ্রামগুলোতে হামলা শুরু হয় এবং তা সোমবার ভোর পর্যন্ত চলতে থাকে। এ সময় গ্যাং সদস্যরা বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়।
মানবাধিকার সংস্থা ডিফেনসুর প্লাস জানায়, এই সহিংসতায় প্রায় ছয় হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। অন্যদিকে জাতিসংঘ ধারণা করছে, সাম্প্রতিক সহিংসতার জেরে এর আগেই ২ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে। জাতিসংঘ মহাসচিবের এক মুখপাত্র জানিয়েছেন, সংস্থাটি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নিহতের সংখ্যা ১০ থেকে ৮০ জনের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুনসামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও বার্তায় গ্যাং নেতা লাকসন এলান দাবি করেছেন, প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর হামলার প্রতিশোধ হিসেবে এই আক্রমণ চালানো হয়েছে।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক







