নিউজপ্রিন্ট আমদানিতে ভ্যাট কমানোর আশ্বাস
আগামী অর্থ বছরের বাজেটে সংবাদপত্রের কাঁচামাল হিসেবে আমদানিকৃত নিউজপ্রিন্টের ওপর থেকে ভ্যাট কমানোর আশ্বাস দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।
আজ মঙ্গলবার (৩১ মার্চ) আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) বিভিন্ন প্রস্তাবের প্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান এসব আশ্বাস দেন। তিনি বলেন, সংবাদপত্রের নিউজপ্রিন্ট আমদানিতে ভ্যাট কমবে। তবে কত কমবে, এ ব্যাপারে আমি এখনই সুনির্দিষ্ট করে কিছু বলবো না। একইসঙ্গে সংবাদপত্র শিল্পে বিদ্যমান উৎস কর ও অগ্রিম আয়কর কমার বিষয়টিও বিবেচনা করা হবে বলে আশ্বাস দেন তিনি।
নোয়াবের প্রেসিডেন্ট ও মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী আগামী বাজেটে সংবাদপত্রের কাঁচামাল হিসেবে ব্যবহৃত নিউজপ্রিন্টের ওপর বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার, বিজ্ঞাপন আয়ের উৎস কর ৫ শতাংশ ও কাঁচামাল আমদানিতে ৫ শতাংশ অগ্রিম আয়কর কমানোর দাবি জানান। মতিউর রহমান চৌধুরী বলেন, সংবাদপত্র শিল্পের প্রধান কাঁচামাল নিউজপ্রিন্ট যা মোট উৎপাদন ব্যয়ের ৫০ থেকে ৬০ শতাংশ। বর্তমানে নিউজপ্রিন্ট আমাদির ওপর ১৫ শতাংশ ভ্যাট রয়েছে। অন্যদিকে বিজ্ঞাপনের আয়সহ অন্যান্য আয়ের ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য হওয়ায় শিল্পটি কার্যত দ্বিমুখী আর্থিক বোঝা বহন করছে। সংকট হ্রাসে আগামী বাজেটে নিউজপ্রিন্ট আমদানিতে আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবি জানান নোয়াব প্রেসিডেন্ট। এছাড়া করপোরেট কর হার সাড়ে ২৭ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ, সংবাদপত্র কর্মীদের আয়কর থেকে প্রতিষ্ঠানের দায়মুক্তি চেয়েছে নোয়াব।
আরও পড়ুনপ্রতি উত্তরে এনবিআর চেয়ারম্যান বলেন, করপোরেট কর বাড়বে না, এটা আমি বলতে পারি। কর্মীদের আয়কর দায় থেকে মুক্তির প্রসঙ্গে তিনি বলেন, ব্যক্তির করের দায় প্রতিষ্ঠানের বহন করা ঠিক নয়। এটা ব্যক্তিকেই বহন করতে হবে। তবে আগামীতে সংবাদপত্রের মালিকরা নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করলে প্রতিষ্ঠানকে এ দায় থেকে মুক্তি দেওয়া হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







