বসন্তের নির্মলতা, প্রতিজ্ঞা ও শ্রদ্ধায় পালিত হলো ভালোবাসা দিবস
স্টাফ রিপোর্টার : আমের মুকুল ফুটেছিল অনেক আগে। কয়েকদিন থেকে গাছে গাছে চোখ রাঙাচ্ছে পলাশ, শিমুল। কোকিল ডাকছে আপন মনে। জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। আর বসন্তের রঙিন নৌকায় চরে প্রেমিক যুগল ভাসবে না তা কী হয়। মনের গোপন কথাটা এতদিন বলি বলি করে হয়নি বলা। সেই ভালবাসার আবহ তৈরি করতেই বসন্ত রঙ ছড়িয়েছে চারিদিকে। তাইতো আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) ছুটির দিনেও নানা বয়সি মানুষ ঘর ছেড়ে বেরিয়েছেন প্রিয় মানুষকে সাথে নিয়ে ভালবাসার আগুনে পুরতে।
বসন্তের আগমনে প্রকৃতিতে এখন উৎসবের আমেজ। আর সেই আমেজকে আরও রঙিন করতে প্রতিবছরের মতো আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) ১৪ ফেব্রুয়ারি পালিত হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস। বিশ্বজুড়ে এদিন প্রেমের পাখিরা উপহার, কার্ড এবং হৃদয়ের গভীর অনুরাগ বিনিময়ের মাধ্যমে পালন করছে দিনটি। নতুন প্রজন্ম জীবন সঙ্গী বেছে নেয়ার ব্যাপারে আর অন্যের ওপর ভরসা করতে চায় না।
যত বাধাই আসুক না কেন তারা দলবেঁধে বসন্ত আর একান্তভাবে ভালোবাসা পালন করতে চায়। তবে এবার জাতীয় সংসদ নির্বাচন ও টানা পাঁচদিনের ছুটির কারণে উৎসবপ্রিয় তরুণ-তরুণী ও ভালবাসায় ভাসা যুগলদের শহরে কম দেখা গেছে। তবে সব কিছু ছাপিয়ে পছন্দের মানুষকে নিয়ে একটু নিরিবিলি পরিবেশ পেতে বগুড়ার মহাস্থান, প্রেম যমুনার ঘাট, মম ইনসহ বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরতে দেখা গেছে।
ফাগুনের বাসন্তি বাতাস প্রেমিক মনে শিহরণ জাগায়। প্রেমিক হৃদয়কে ডেকে কানে কানে বলে যায় ‘ভালোবাসি ভালোবাসি, এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি, ভালোবাসি ভালোবাসি’। যারা বাঁধনহারা হতে বের হয়েছিলেন তারা যেন একটু অন্যরকম। অনেকের মধ্যে আলাদা। মুখে লাজুক হাসি আর হাতে তাদের ভালোবাসার উপহার লাল-হলুদ রঙের গোলাপ।
আরও পড়ুনআজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সরকারি আজিজুল হক কলেজে দুপুরের পর কয়েকজন বন্ধু কয়েকদিন পর ফাঁকা ক্যাম্পাসে একসাথে বসে দিনটি উদযাপন করছিল। তাদের মধ্যেই আবার দু’জনকে একটু যেন অন্যরকম লাগছিল। বন্ধুরা সবাই তাদের টিপ্পনি কাটছিল। অনেকটা মিছিলের মত করেই বলছে, ‘এই দিনে না বললে আর বলতে পারবা না। তা হবে না, তা হবে না।’ বললো বন্ধুত্ব কখন যে ভালোবাসায় রূপ নিয়েছে বুঝতে পারিনি। আজকে নতুনের পথে পা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ হলাম।
বসন্ত আর ভালোবাসা যেন দু’জন দু’জনার। সবকিছু ছাপিয়ে এই শহরে উৎসব থাকুক আর নাই থাকুক বসন্ত আর ভালোবাসাকে উপলব্ধি করতে চায় প্রতিটি মানুষ। বসন্ত যদি হয় মনের স্পন্দন তাহলে ভালোবাসা হলো এক ধরণের প্রতিজ্ঞা। বসন্ত আর ভালোবাসার মিশেলে দিনটি ছিল অনন্য। বসন্তের নির্মলতায় প্রতিটি ভালোবাসা হোক প্রতিজ্ঞাবদ্ধ, পরিশুদ্ধ, শ্রদ্ধার।
মন্তব্য করুন







