সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত
স্পোর্টস ডেস্ক : আজ হিমালয়কন্যা নেপালের পোখারা রঙ্গশালায় সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ সময় দুপুর সোয়া ২টায় শুরু হবে শিরোপার লড়াই। নেপালের মাঠ বরাবরই বাংলাদেশের জন্য পয়মন্ত। ১৯৯৯ সালে সাফ গেমসে পুরুষ ফুটবল দল প্রথমবার চ্যাম্পিয়ন হয় হিমালয়ের দেশটিতে। সাবিনা খাতুনরা দুটি সাফ জিতেছেন নেপালেই। এছাড়া বয়সভিত্তিক পর্যায়ে এসেছে আরও কয়েকটি সাফল্য, যেখানে কখনো কখনো ভারতকে হারিয়ে এসেছে ট্রফি।
তবে কয়েক মাস ধরে ভারত বনাম বাংলাদেশ দ্বৈরথে ফল একপেশেভাবে বাংলাদেশের দিকেই। নভেম্বরে পুরুষ ফুটবলে দীর্ঘ ২২ বছর পর ভারতকে হারানোর পর গত মাসে নারী ফুটসালে ৩-১ গোলের জয় সাবিনা খাতুনদের। এই সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলেও লিগ পর্বে ভারতকে ২-০ গোলে হারায় বাংলাদেশ। সেই রেশ কাটতে না কাটতেই আজ আরেকটি দক্ষিণ এশীয় শ্রেষ্ঠত্বের মুকুটের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের মেয়েরা। পোখারায় লাল-সবুজের জয়গান হবে কি না, তা দেখা যাবে আর কয়েক ঘণ্টা পরই। তবে যে ছন্দ আর আত্মবিশ্বাস নিয়ে আলপি-মুনকিরা খেলছেন, তাতে আরেকটি ট্রফি ঘরে আসা প্রত্যাশিতই।
সাফের বয়সভিত্তিক (অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০) টুর্নামেন্টগুলোতে বাংলাদেশের মেয়েদের দাপট প্রশ্নাতীত। এ পর্যন্ত অনুষ্ঠিত ছয়টি আসরের পাঁচটিতেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। বর্তমান টুর্নামেন্টেও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। এর মধ্যে এককভাবে চ্যাম্পিয়ন চারবার। একবার ভারতের সঙ্গে যৌথভাবে। ২০২৪ সালে ঢাকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ আসরে নানা ঘটনাপ্রবাহের জেরে বাংলাদেশ ও ভারতকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল। তবে গত বছর অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে একক আধিপত্য দেখিয়েই শিরোপা ঘরে তুলেছিল বাংলাদেশের মেয়েরা।
এই আসরেও বাংলাদেশের পথচলা অপ্রতিরোধ্য। ৪ দেশের টুর্নামেন্টে রাউন্ড রবিন লিগে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে ফাইনালে উঠেছে তারা। ভুটানকে ১২-০ গোলে উড়িয়ে শুরু, ভারতকে হারিয়ে ফাইনাল প্রায় নিশ্চিতের পর শেষ ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে এসেছে ৪-০ গোলের অনায়াস জয়। তিন ম্যাচে ১৮ গোল করার পাশাপাশি নিজেদের জালে এখনো একটি গোলও হতে দেয়নি বাংলাদেশ। ভারত তিন ম্যাচে দুটিতে (ভুটান ও নেপালের বিপক্ষে) জিতে ফাইনালে এসেছে। ৯ গোল করে তারা দুটি গোল খেয়েছে।
আরও পড়ুনতবে ফাইনালের রণকৌশল সাজাতে সতর্ক বাংলাদেশের ইংলিশ কোচ পিটার বাটলার। লিগ পর্বে ভারতকে হারালেও ফাইনালে কোনো ধরনের ‘আত্মতুষ্টিতে’ ভুগতে রাজি নন তিনি, ‘ভারত কীভাবে খেলে সে সম্পর্কে আমার পরিষ্কার ধারণা আছে। তবে তাদের হারাতে হলে আমাদের সেরা ছন্দেই থাকতে হবে। লিগ পর্বে যা হয়েছে তা অতীত। ফাইনালে আমাদের ইতিবাচক মানসিকতা নিয়ে শূন্য থেকে শুরু করতে হবে।’ বাটলারের মতে, এই ফাইনাল শুধু একটি ট্রফি জয়ের লড়াই নয়, বরং এটি অস্ট্রেলিয়ায় আগামী মাসে অনুষ্ঠেয় এএফসি নারী এশিয়ান কাপের প্রস্তুতিও। আজ যারা সেরা পারফরম্যান্স করবেন, তারাই মূলত আগামীর বড় মঞ্চের জন্য নিজেদের টিকিট নিশ্চিত করবেন। তবে পোখারার মাঠের বেহাল পরিস্থিতি নিয়ে কিছুটা শঙ্কিত কোচ।
টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার দৌড়ে রাজত্ব করছেন বাংলাদেশের আলপি আক্তার। দুটি হ্যাটট্রিকসহ তার ঝুলিতে এখন ৭ গোল। ৪ গোল বাংলাদেশের মুনকি আক্তারের।
মন্তব্য করুন









