প্রশাসনের সম্মতি পেলে ডিসেম্বরেই গোপালগঞ্জে সমাবেশ করবে এনসিপি
গোপালগঞ্জে ফের রাজনৈতিক কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জেলার সাম্প্রতিক সহিংস পরিস্থিতির মধ্যেও প্রশাসনের উচ্চপর্যায়ের সম্মতি পেলে আগামী ডিসেম্বরে সেখানে সমাবেশ করতে চায় দলটি।
সম্প্রতি বিএনপির এক সংসদ সদস্যসহ কয়েকজনের বাড়িতে হামলা, ভাঙচুর ও থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর আগে এনসিপির পদযাত্রা ও সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষের রেশও কাটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলার গুরুত্বপূর্ণ স্থানে দুই ব্যাটালিয়নের ৫৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
সূত্রমতে, নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী ৩৯ দিনের কর্মসূচি বাস্তবায়নে জোর প্রস্তুতি নিচ্ছে এনসিপি। ইতোমধ্যে ৬৪ জেলা ও ১৩ মহানগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আংশিক সময়সূচি প্রকাশ করেছে দলটি। এসব কর্মসূচি থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর এবং জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করাসহ পাঁচ দফা দাবি জানানো হবে।
এনসিপি জানিয়েছে, আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। পাশাপাশি জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের কর্মসূচিতেও একাত্মতা প্রকাশ করবে দলটি। গণভোটের রায় বাস্তবায়নের শর্তে প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানেও ইতিবাচক সাড়া দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
কর্মসূচি প্রসঙ্গে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার বলেন, ৫ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। আগামী রোববারের (২২ নভেম্বর) মধ্যে সারা দেশের পূর্ণাঙ্গ সময়সূচি নির্ধারণ করা হবে। এসব কর্মসূচিতে দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
আরও পড়ুনগোপালগঞ্জ কর্মসূচির অন্তর্ভুক্ত কি না জানতে চাইলে তিনি বলেন, দেশের সব জেলায় ধারাবাহিক প্রতিবাদ সমাবেশ করার পরিকল্পনা রয়েছে। তবে গোপালগঞ্জে বিশেষ পরিস্থিতি বিরাজ করছে। সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধসহ বিভিন্ন সমস্যা থাকায় ৫ ডিসেম্বরের পর প্রশাসনের উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনা করা হবে। তারা পরিস্থিতি স্বাভাবিক বলে জানালে সেখানে সমাবেশ করা হবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, ২০২৫ সালে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির ‘১৬ জুলাই: মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে দলটির শীর্ষ নেতাদের ওপর হামলার ঘটনা ঘটে। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে শহরের পৌর পার্কে আয়োজিত সমাবেশস্থলে দুপুরে প্রথম দফায় হামলা চালানো হয়। সমাবেশ শেষে দ্বিতীয় দফায় ভাঙচুর ও বোমা হামলার ঘটনা ঘটে।
পরিস্থিতির অবনতি হলে জেলায় ১৪৪ ধারা জারি করা হয়। সমাবেশ শেষে ফেরার পথে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরেও হামলা হয়। নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার মুখে পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন নেতারা। পরে সেনাবাহিনীর সাঁজোয়া যান বা এপিসিতে করে তাদের গোপালগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হয়। ওই কর্মসূচি ঘিরে হামলা ও সংঘর্ষে চারজন নিহত হন। এরপর থেকে জেলায় আর কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করেনি এনসিপি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






