বিমানবন্দরে সাড়ে সাত কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ চোরাচালানের অভিযোগে তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তাদের কাছ থেকে প্রায় সাড়ে ৭ কেজি (৬৪৩ ভরি) ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা।
শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের আগমনি ২ নম্বর ক্যানোপির আউট গেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- মুন্সিগঞ্জ সদর উপজেলার মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), নোয়াখালীর সুধারাম উপজেলার মো. জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) ও কুমিল্লার বরুড়া উপজেলার মো. শাওন (৩৯)।
এপিবিএন সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করা হয়। সৌরভের দেহ তল্লাশি করে কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো ১৫টি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়। পরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণে সেগুলো ২৪ ক্যারেট বিশুদ্ধতার স্বর্ণের পেস্ট বলে শনাক্ত হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সৌরভ নিয়মিত সৌদি আরবে যাতায়াত করেন। সেখান থেকে অভিনব কৌশলে স্বর্ণ এনে জুয়েল, শাওন ও দেশীয় অজ্ঞাতনামা ব্যক্তিদের সহযোগিতায় চোরাচালান করতেন তারা। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালানে জড়িত বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
আরও পড়ুনএপিবিএনের কমান্ডিং অফিসার (অতিরিক্ত ডিআইজি) মো. বশির আহমেদ জানান, গত কয়েক দিন ধরে একটি চক্রের পেস্ট আকারে স্বর্ণ চোরাচালানের চেষ্টার তথ্য গোয়েন্দাদের কাছে ছিল। এর ভিত্তিতে নজরদারি বাড়িয়ে গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালানো হয়। এতে ৭ কেজি ৫০০ গ্রাম স্বর্ণের পেস্টসহ চক্রের তিন সদস্যকে আটক করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। চোরাচালান ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।
এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের বিমানবন্দর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







