মালয়েশিয়ায় নেওয়ার কথা বলে ট্রলারে জিম্মি ৭২ জন, সাত দিন পর উদ্ধার ২৮
মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে বিভিন্ন এলাকা থেকে লোকজন সংগ্রহ করে টেকনাফে আটকে রাখার পর গভীর সমুদ্রে একটি ট্রলারে জিম্মি করার অভিযোগ উঠেছে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে। ট্রলারে থাকা ৭২ জনের প্রত্যেকের কাছে প্রায় ৫০ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়। নির্যাতনের একপর্যায়ে প্রতিরোধ গড়ে তুলে ট্রলারের নিয়ন্ত্রণ নেন ভুক্তভোগীদের কয়েকজন। পরে নারী ও শিশুসহ ২৮ জন কক্সবাজার উপকূলে ফিরে আসেন। তাঁদের অভিযোগ, তাঁদের সঙ্গে থাকা সাতজনকে সাগরে ফেলে দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টসংলগ্ন শৈবাল পয়েন্টে ট্রলারটি পৌঁছায়। পরে স্থানীয় লোকজন, বিচকর্মী, ট্যুরিস্ট পুলিশ, জেলা পুলিশ ও কোস্টগার্ডের সহায়তায় ২৮ জনকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে ২৪ জন পুরুষ, দুজন নারী ও দুজন শিশু।
উখিয়ার কোটবাজার এলাকার রিদুয়ান হোসাইন জানান, দুই বন্ধু ইমন ও ফয়েজ আহমদকে নিয়ে টেকনাফে পরিচিত এক ব্যক্তির কাছে বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখানে পৌঁছানোর পর তাঁদের একটি ঘরে আটকে রাখা হয়। পরে বুঝতে পারেন, তাঁরা মানবপাচারকারী চক্রের ফাঁদে পড়েছেন।
তাঁর ভাষ্য, প্রথমে চার দিন একটি ট্রলারে এবং পরে অন্য একটি নৌকায় আরও দুই দিন থাকতে হয়। এ সময় দিনে দুই বেলা সামান্য খাবার দেওয়া হতো। প্রত্যেকের কাছে প্রায় ৫০ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়।
রিদুয়ান জানান, মুক্তিপণের বিষয়ে কয়েকজন বয়স্ক ব্যক্তি মাঝির সঙ্গে কথা বলতে গেলে তাঁদের একজনকে মারধর করা হয়। এর প্রতিবাদে যাত্রীদের সঙ্গে অস্ত্রধারীদের ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে দালালচক্রের সদস্যরা পালিয়ে গেলে কয়েকজন যাত্রী ট্রলারের নিয়ন্ত্রণ নিয়ে কক্সবাজারের দিকে রওনা হন।
মুক্তার হোসেন নামে আরেক ভুক্তভোগী জানান, নারায়ণগঞ্জে চাকরি করার সময় এক বন্ধুর মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার প্রস্তাব পান তিনি। প্রথমে সাড়ে তিন লাখ টাকা চাওয়া হলেও পরে তিন লাখ টাকায় পাঠানোর কথা বলা হয়। দালালের দেওয়া ঠিকানায় কক্সবাজারে পৌঁছালে তাঁকে একটি কক্ষে আটকে রাখা হয়। সেখানে আরও অনেককে বন্দি অবস্থায় দেখতে পান।
উদ্ধার হওয়া কলা ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীরের দাবি, ট্রলারে মোট ৭২ জন ছিলেন। দালালচক্রের সদস্যরা সাতজনকে সাগরে ফেলে দেন। পরে কয়েকজন মিলে প্রতিরোধ গড়ে তুলে ট্রলারের নিয়ন্ত্রণ নেন। শৈবাল পয়েন্টে ট্রলারটি আটকে গেলে তাঁরা নেমে ঝাউবাগানের দিকে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁদের আটক করে বসিয়ে রাখেন।
স্বজনদের কাছেও মুক্তিপণ দাবি
সাগরে বন্দি ব্যক্তিদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদের কাছেও মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অপহরণের পর স্বজনদের ফোন করে টাকা চাওয়া হয়। টাকা না দিলে হত্যা কিংবা অন্য দালালদের হাতে তুলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন কয়েকজন অভিভাবক।
আরও পড়ুনউদ্ধার হওয়া ব্যক্তিদের খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানায় ছুটে আসেন তাঁদের স্বজনেরা। তাঁদের একজন উখিয়ার রত্নাপালং ইউনিয়নের সাইফুল ইসলাম। তিনি জানান, ১০ দিন ধরে ছেলের কোনো খোঁজ পাচ্ছিলেন না। এর মধ্যে একটি মুঠোফোন নম্বর থেকে ফোন করে ছেলের খবর পেয়েছেন কি না জানতে চাওয়া হয়। পরে ছেলের সঙ্গে কথা বলিয়ে দেওয়া হয়। কান্নাজড়িত কণ্ঠে ছেলে তাঁকে জানায়, মারধর করে বেঁধে রাখা হয়েছে তাকে।
সাইফুল ইসলামের অভিযোগ, ফোনের অপর প্রান্তের ব্যক্তি ছেলেকে ফেরত দেওয়ার বিনিময়ে এক লাখ ২০ হাজার টাকা দাবি করেন। দেড় ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানাতে বলা হয়। টাকা দিতে না পারলে ছেলেকে মিয়ানমারের দালালদের হাতে তুলে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
আরেক অভিভাবক আবু তাহের জানান, তাঁর ছেলে দোকানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরে জানতে পারেন, মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় আব্দুল আজিজ নামের এক ব্যক্তিসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাঁরা।
উদ্ধার হওয়া ব্যক্তি ও তাঁদের স্বজনদের অভিযোগ, টেকনাফকেন্দ্রিক একটি চক্র দীর্ঘদিন ধরে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে অপহরণ ও মানবপাচারে জড়িত। প্রথমে পরিচিতজন কিংবা দালালের মাধ্যমে বিদেশে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়। পরে বিভিন্ন স্থানে আটকে রেখে পরিবারের সঙ্গে যোগাযোগ করিয়ে মুক্তিপণ আদায় করা হয়।
ভুক্তভোগী ও তাঁদের স্বজনেরা অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, উদ্ধার হওয়া ২৮ জনকে থানায় রাখা হয়েছিল। তাঁদের কাছ থেকে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








_medium_1795236714.jpg)