মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায়ে চাপে পড়বে ইসরাইল, দাবি আসিফ নজরুলের
রোহিঙ্গা গণহত্যার ঘটনায় মিয়ানমারকে দায়ী করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তার মতে, এই রায় গাজায় ইসরাইলের বিরুদ্ধে চলমান গণহত্যার মামলার বিচারেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে আসিফ নজরুল বলেন, ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে দায়ী করেছেন বিশ্বের সর্বোচ্চ আদালত। রাষ্ট্রীয় পর্যায়ে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে একই ধরনের মামলায় এটি আইনি নজির হিসেবে কাজ করতে পারে।
গাজায় ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যার মামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, মিয়ানমারও রোহিঙ্গাদের ওপর অভিযানকে সন্ত্রাসীদের দমনে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে দাবি করেছিল। কিন্তু আদালত সেই যুক্তি গ্রহণ করেননি। তার মতে, গাজায় ইসরাইলের সামরিক অভিযান নিয়ে চলমান মামলার ক্ষেত্রেও এই সিদ্ধান্ত প্রাসঙ্গিক হতে পারে।
আরও পড়ুনআসিফ নজরুলের দাবি, জাতিসংঘের স্বাধীন তদন্ত এবং গণহত্যাবিষয়ক বিশেষজ্ঞরাও গাজায় ইসরাইলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে চিহ্নিত করেছেন। ফলে দক্ষিণ আফ্রিকার মামলায় আইসিজের ভবিষ্যৎ সিদ্ধান্তের ক্ষেত্রে মিয়ানমার-সংক্রান্ত রায় গুরুত্বপূর্ণ বিবেচিত হতে পারে।
রোহিঙ্গাদের অধিকার ও প্রত্যাবাসন প্রসঙ্গে তিনি বলেন, এই রায়ে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের পর্যাপ্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের বিষয়টি গুরুত্ব পেয়েছে। পাশাপাশি স্বতন্ত্র জাতিগত জনগোষ্ঠী হিসেবে তাদের স্বীকৃতি বাংলাদেশের প্রত্যাবাসন প্রচেষ্টাকে এগিয়ে নিতে সহায়ক হতে পারে।
তিনি আরও উল্লেখ করেন, আইসিজের নিজস্ব কোনো নির্বাহী ক্ষমতা না থাকলেও আদালতের সিদ্ধান্ত আইনগতভাবে বাধ্যতামূলক। আন্তর্জাতিক কূটনীতিতেও এসব রায়ের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








