ভিডিও মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৬ ০২:৩১ এএম

নয় দিনে দেশজুড়ে ৪৫ পরিবহনে আগুন, ৫১ স্থানে ককটেল বিস্ফোরণ: পুলিশ

ছবি : সংগৃহীত, নয় দিনে দেশজুড়ে ৪৫ পরিবহনে আগুন, ৫১ স্থানে ককটেল বিস্ফোরণ: পুলিশ

দেশজুড়ে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা বাড়ছে। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি মাসের ৭ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত মাত্র নয় দিনে দেশের ৫১টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৪৫টি পরিবহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ধারাবাহিক এসব ঘটনায় জননিরাপত্তা ও স্বাভাবিক যাতায়াত নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, এসব ঘটনায় সারা দেশে ২১টি মামলা হয়েছে। অভিযান চালিয়ে এখন পর্যন্ত ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ককটেল বিস্ফোরণে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দুটি পুলিশ স্থাপনাতেও হামলা হয়েছে। তবে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।

পরিসংখ্যানে দেখা যায়, সময়ের সঙ্গে নাশকতার ঘটনা বেড়েছে। এর আগে ৭ থেকে ৯ নভেম্বর পর্যন্ত প্রথম তিন দিনে ২৭টি স্থানে ককটেল বিস্ফোরণ ও ১৯টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তখন ১১টি মামলা এবং ২৯ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছিল পুলিশ। পরবর্তী ছয় দিনে বিস্ফোরণ ও অগ্নিসংযোগের সংখ্যা আরও বেড়েছে।

রাজধানীতে গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশে ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো বিশেষভাবে আলোচনায় এসেছে। গত ৮ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, প্রশাসনিক ভবন, উপাচার্যের বাসভবনসংলগ্ন এলাকা এবং মুক্তি ও গণতন্ত্র তোরণের কাছে বিস্ফোরণ ঘটে। এ ছাড়া মালিবাগে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয়ের সামনে এবং বিভিন্ন থানা ও সরকারি স্থাপনার আশপাশেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর আগে ১ নভেম্বর থেকে রাজধানীতে অন্তত ১৫টি ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছিল।

আরও পড়ুন

নাশকতা প্রতিরোধে দেশের সব জেলার পুলিশ সুপারদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। গত ১০ নভেম্বর পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির ৬৪ জেলার পুলিশ সুপার ও সব রেঞ্জের ডিআইজিদের সঙ্গে জরুরি বৈঠক করেন। বৈঠকে নাশকতায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, রাতের টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া ঝুঁকিপূর্ণ বিবেচনায় গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রতিটি ঘটনার তদন্ত, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে নজরদারি ও তৎপরতা জোরদার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নয় দিনে দেশজুড়ে ৪৫ পরিবহনে আগুন, ৫১ স্থানে ককটেল বিস্ফোরণ: পুলিশ

১

নেতানিয়াহুকে খুব একটা বিশ্বাস করতাম না: বাইডেন

২

গোপালগঞ্জের নতুন এসপিকে ফুল দিয়ে বরণ করলেন ঢাকার ডিআইজি

৩

রামপুরায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

৪

বিনা চিকিৎসায় কারাগারেই মৃত্যুর আশঙ্কার কথা জানালেন ইমরান খান

৫

১৩ ঘণ্টা অবরুদ্ধ থেকে অবশেষে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

৬