জয়পুরহাটের কালাইয়ে তিন দিনে প্রতিমণ ধানে দাম কমেছে চার’শ থেকে সাড়ে চার’শ টাকা
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের কালাই উপজেলায় অসময়ে বৃষ্টি ও বিরূপ আবহাওয়ার কারণে আমন ধানের ফলন কম হওয়ার পাশাপাশি হঠাৎ করেই মাত্র তিন দিনের ব্যবধানে প্রতিমণ ধানে চারশ থেকে সাড়ে চারশ টাকা দাম কমে গেছে। এতে কৃষকদের মাঝে চরম হতাশা ও লোকসানের শঙ্কা দেখা দিয়েছে।
কৃষি বিভাগের তথ্যমতে, এ বছর জেলায় আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ৭০ হাজার হেক্টর নির্ধারণ করা হলেও অসময়ে বৃষ্টির কারণে অনেক ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে ধান কাটা পুরোদমে শুরু হয়েছে এবং বিঘাপ্রতি মোটা জাতের ধান ১৪ থেকে ১৫ মণ এবং চিকন জাতের ধান ১২ থেকে ১৩ মণ উৎপাদিত হয়েছে, যা গত বছরের তুলনায় কম। উৎপাদিত এই ধান দিয়েই কৃষকরা সাধারণত পরবর্তী আলু চাষের প্রস্তুতি নেন এবং দ্রুত টাকা তোলার তাগিদে বাজারে ধান বিক্রি করতে বাধ্য হন।
জেলার বৃহৎ ধান-চাল ক্রয়-বিক্রয়ের হাট পাঁচশিরায় সোমবারের বাজারে দেখা যায়, মোটা জাতের মামুন, বিআর-২৯ ও ৪৯ ধান প্রতিমণ ১১২০ থেকে ১১৩০ টাকায় এবং চিকন জাতের কাটারি ও নাজিরশাল ১৫৮০ থেকে ১৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ মাত্র তিন দিন আগেও এই হাটগুলোতে চিকন জাতের ধান ২৩৫০ এবং মোটা জাতের ধান ১৮৫০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল। তবে সুগন্ধি জাতের ৯০ ধানের দাম অপরিবর্তিত রয়েছে।
কৃষকদের অভিযোগ, বাজারে ধানের আমদানি বাড়লেই একশ্রেণির ব্যবসায়ী সিন্ডিকেট করে নানা অজুহাতে কম দামে ধান কিনতে বিভিন্ন ফন্দি আঁটে। জমির কটকবলার মূল্যসহ প্রতি বিঘা জমিতে ধান চাষে কৃষকদের প্রায় ২৫ থেকে ২৬ হাজার টাকা খরচ হলেও বর্তমান বাজারে তা বিক্রি করে ২৩ থেকে সাড়ে ২৩ হাজার টাকা পাওয়া যাচ্ছে।
এর ফলে লাভ তো দূরের কথা, উৎপাদন খরচ তোলাও কঠিন হয়ে পড়েছে। বগুড়ার সোনাতলা থেকে ধান বিক্রি করতে আসা কৃষক সুপন মন্ডল জানান, তিন বিঘা জমিতে চাষ করে লোকসান গুনতে হচ্ছে প্রায় ৩৫ হাজার টাকার বেশি। ক্ষেতলালের কৃষক ফজলুর রহমানও বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বাজার মনিটরিং জোরদার করার দাবি জানান।
আরও পড়ুনঅন্যদিকে, ব্যবসায়ীরা সিন্ডিকেটের অভিযোগ অস্বীকার করেছেন। পাঁচশিরা বাজারের মোল্লা চালকলের স্বত্বাধিকারী ওবাইদুর রহমান মোল্লা বলেন, ধানের মান ও দানার ওপর ভিত্তি করেই দাম নির্ধারিত হয় এবং আমদানি বাড়লেই কম দামে কেনার অভিযোগ সত্য নয়।
পরিস্থিতি বিবেচনা করে জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সাদিয়া সুলতানা জানান, জেলায় মোট ৩ লাখ ৩৫ হাজার মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি কৃষকদের এখনই হতাশ না হয়ে তড়িঘড়ি করে ধান বিক্রি না করে মৌসুম শেষে বিক্রির পরামর্শ দিয়েছেন, যা করলে তারা লাভবান হতে পারবেন।
এছাড়া জেলা কৃষি বিপণন কর্মকর্তা মেহেদী হাসান জানান, সরকারের নির্ধারিত দর অনুযায়ী বিক্রি করলে কৃষকদের লাভবান হওয়ার কথা এবং ধানের বাজার অস্বাভাবিকভাবে কমে যাওয়ার পেছনে কোনো রহস্য বা অনিয়ম আছে কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন







