শীতের আমেজ আর ফসলের হাসিতে বরণ
আজ পহেলা অগ্রহায়ণ ও বাঙালির প্রাণের উৎসব নবান্ন
স্টাফ রিপোর্টার: পৌষ-মাঘ শীতের বার্তা নিয়ে আসার ঠিক আগে, হেমন্তের সোনালী রোদ্দুর আর শিশিরভেজা ঘাসের চাদর গায়ে জড়িয়ে প্রকৃতিতে হাজির হয় বাংলা সনের অষ্টম মাস অগ্রহায়ণ মাস। । যার প্রথম দিনটি অর্থাৎ ‘পহেলা অগ্রহায়ণ’ মানেই বাঙালির জীবনে এক বিশেষ সুবাস ও আনন্দের দিন। ঋতুচক্রের পালাবদলে হেমন্তের এই সময়ে চারপাশ যখন পাকা ধানের গন্ধে মৌ মৌ করে, তখন বাংলার গ্রামীণ জনপদে শুরু হয় বাঙালির সর্বকালের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী উৎসব—নবান্ন।
বাংলার সমৃদ্ধশালী মাস ‘অগ্রহায়ণ’ শব্দটির অর্থ বেশ তাৎপর্যপূর্ণ—‘অগ্র’ অর্থ প্রধান এবং ‘হায়ণ’ অর্থ বছর বা
সময়। প্রাচীনকালে যখন বৈশাখ মাসে বছর শুরু হতো, তখন এই অগ্রহায়ণ মাসকেই বছরের প্রধান বা প্রথম মাস হিসেবে ধরা হতো। কৃষিনির্ভর বাংলায় নতুন ধান ঘরে তোলার এই মাসটি বরাবরই সমৃদ্ধি ও আনন্দের প্রতীক। আর নবান্ন শব্দের অর্থ ‘নতুন অন্ন’। এটি মূলত নতুন ধান কাটার পর সেই চালের প্রথম রান্না বা খাওয়ার আনন্দ উদযাপনের উৎসব।
আজ সোমবার পহেলা অগ্রহায়ণ। ইতোমধ্যে বগুড়াসহ গ্রাম বাংলায় শুরু হয়েছে পাকা ধান কাটার উৎসব। এমাসে দেশের দিগন্তজোড়া মাঠের কাঁচা-পাকা ধানের সাথে কৃষাণ-কৃষাণীর হৃদয়ের বন্ধণ দৃঢ় হয়। মাঠের পর মাঠের পাকা সোনালী ধানের চেহারা দেখে আনন্দে আত্মহারা হয়ে ওঠে কৃষক পরিবার। ধানের ভারি সোনালী শীষ দেখে আগামীর স্বপ্ন বুনে কৃষাণী তার পরিবার নিয়ে। পাকা ধান কাটার পর দেশের প্রতিটি কৃষকের আঙ্গিনা নতুন ধানে ভরে ওঠে। সেই সাথে
পাকা ধানের গন্ধে মৌ মৌ করে ওঠে চারিদিক। ক’দিন আগেও অলস সময় কাটানো কৃষক পরিবারে দম ফেলার সময় থাকে না। একদিকে ধানের কাজ, অন্যদিকে নতুন ধানের নতুন চাল, নতুন খাবার তৈরি করতে হয় নিজের জন্য, আত্মীয়দের জন্য। সর্বোপরি যারা কষ্ট করে ধান ফলায়, সেই কৃষকের জন্য হলেও নবান্ন উৎসবে মেতে উঠতে হয়।
প্রতি বছরের মত এবারও আমাদের মাঝে নবান্ন উৎসব এসেছে। এদিকে ধান কাটার পর তা দিয়ে সংসার চালানো দায় হবে বলে অনেক কৃষক, এমনিতেই দুশ্চিন্তায় আছেন। বর্তমান তো বটেই, ভবিষ্যৎ চিন্তায় তারা দিশেহারা।
বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের শফি উদ্দিন জানান, প্রতিটি জিনিসের দাম এমন বেড়েছে যে এতে ফসল উৎপাদন করে কূল পাওয়া যাচ্ছে না। এবার তিনি বি আর-৪৯ জাতের ধান লাগিয়ে বিঘা প্রতি ১৭ মণ ধান পেয়েছেন। খরচ যা হয়েছে ধান বিক্রি করে সেই খরচ তোলাই মুশকিল। এরই মধ্যে নতুন ধানের আটা কুটেছে তার স্ত্রী
মিনারা বেগম। প্রথম দিন নতুন ধানের বিশেষ পায়েশ এবং আটার রুটি খাবেন এবং যারা ধান কাটছে তাদের খাওয়াবেন বলে জানান এই গেরস্থ।
অবস্থা যাই হোক না কেন প্রতি বছরের মত এবারও নবান্ন উৎসবে মেতে উঠেছে কৃষাণ-কৃসাণীর সাথে এদেশের প্রতিটি
সাংস্কৃতিমনা মানুষ। নতুন ধানের আটা করে বাংলার ঘরে ঘরে পিঠা- পুলি বানানো এবং খাওয়ার ধুম পড়েছে শীত শীত ভাবের পর থেকেই। কুয়াশায় আচ্ছন্ন শীতের মিষ্টি রোদের সকালে শহরের প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে এরই মধ্যে কুসলি, ভাাঁপা, চিতই পিঠা নিয়ে বসেছে মৌসুমি বিক্রেতারা।
এদিকে ১ অগ্রহায়ন-১৪৩৩, উপলক্ষে বিকেল ৪ টায় বগুড়া পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে আমরা
ক্জন শিল্পী গোষ্ঠী ও ঋদ্ধ সৃজন এর আয়োজনে নবান্ন উৎসব অনুষ্ঠিত হবে। অন্যদিকে একই দিন বিকেল ৪ টায় মহানগরের রোমেনা আফাজ মুক্তমঞ্চে বগুড়া শব্দ কথন সাহিত্য আসরের আয়োজনে ‘ধানের
কাব্যে গানে, নবান্ন আসুক প্রাণে’ অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন



_medium_1793893186.jpg)
_medium_1790151977.jpg)
_medium_1787633281.jpg)
_medium_1787204498.jpg)


