১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল
দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। প্রাথমিক পর্যায়ে দুটি আগমন ও দুটি বহির্গমন ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে শুরু হবে এর কার্যক্রম।
এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
শনিবার (১৪ নভেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলনকক্ষে তৃতীয় টার্মিনাল উদ্বোধন ও চালুকরণ-সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় এ নির্দেশনা দেন মন্ত্রী।
সভায় মন্ত্রী বলেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হলে ১৬ ডিসেম্বর টার্মিনালটির আংশিক কার্যক্রম শুরু হবে। পরবর্তী সময়ে ধাপে ধাপে পূর্ণাঙ্গভাবে চালুর জন্য প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি বলেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করা বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ অঙ্গীকার। নির্ধারিত সময়ে টার্মিনালটির কার্যক্রম শুরু নিশ্চিত করার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। সংশ্লিষ্ট সব সংস্থাকে নিজ নিজ দায়িত্ব অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে।
আরও পড়ুনসভায় তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতি হিসেবে ইমিগ্রেশন বুথে কার্যক্রম শুরু, ব্যাগেজ বেল্ট ও প্রয়োজনীয় স্ক্যানার স্থাপন, পরীক্ষামূলক পরিচালনা (ট্রায়াল অপারেশন) এবং সংশ্লিষ্ট চুক্তি স্বাক্ষরসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এসব কাজের অগ্রগতি ও অবশিষ্ট প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিরা মতবিনিময় করেন। পাশাপাশি সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করা হয়।
সভায় ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়বিষয়ক) গিয়াস উদ্দিন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিব উপস্থিত ছিলেন।
এ ছাড়া বেবিচক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং জাপানি কনসোর্টিয়ামের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_medium_1794653911.jpg)
_medium_1794652817.jpg)
_medium_1794651453.jpg)
_medium_1794644924.jpg)
_medium_1794634603.jpg)
_medium_1794650407.jpg)