বগুড়ার সারিয়াকান্দিতে রাস্তায় পাঠদান করা সেই বিদ্যালয়ের চালাটিও উড়ে গেছে
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: কয়েকবার যমুনা নদী ভাঙ্গনের শিকার হয়ে বগুড়া সারিয়াকান্দির চকরথিনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান চলছে একটি সড়কের উপর। এদিকে গত বুধবার রাতের ঝড়ে বিদ্যালয়ের টিনের চালাটিও উড়ে গেছে। এতে খোলা আকাশের নীচে বিদ্যালয়ের পাঠদান চলছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা বলছেন, স্কুলটি স্থায়ী জায়গায় স্থানান্তর করতে কাজ করা হয়েছে, সামনের সপ্তাহ থেকে সেখানে ক্লাস করানো হবে।
"সারিয়াকান্দির শতবর্ষী বিদ্যালয়ের পাঠদান চলছে রাস্তায়" শিরোনামে দৈনিক করতোয়া পত্রিকায় গত ২৭ জুন একটি সংবাদ প্রকাশিত হয়। সেই বিদ্যালয়টি গত কয়েকমাস ধরেই একটি একচালা টিনের ঘরে পরিচালিত হতো। যার কোনও নির্দিষ্ট কক্ষ নেই। নেই কোনও বেড়া।
নেই কোনও অফিস কক্ষ। বা নেই শিক্ষকদের জন্য বসার কোনও ব্যবস্থা। শিক্ষার্থীরা এখানে বৃষ্টির দিনে ভিজে এবং গরমের সময় ঘেমে পাঠগ্রহণ করতো। যেখানে নেই কোনও বিদ্যুৎ সংযোগ। এমনকি শিক্ষার্থী বা শিক্ষকদের জন্য নেই কোনও বাথরুমের ব্যবস্থা। শিক্ষকরা বা শিক্ষার্থীরা বাথরুমের জন্য পাশের বাড়ি ব্যবহার করেন।
বলছিলাম, চকরথিনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কথা, যা ১৯১৯ সালে স্থাপিত হয়। স্থাপনের পর থেকে এটি চকরথিনাথ গ্রামের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়। বিদ্যালয়টিতে অধ্যয়ন করে অনেক সাবেক শিক্ষার্থী দেশের গুরুত্বপূর্ণ পদে আসীন রয়েছেন। কিন্তু গত ২০১৫ সাল থেকেই স্কুলটি যমুনা নদী ভাঙনের শিকার হয়।
এ পর্যন্ত বিদ্যালয়টি ৬ বার নদী ভাঙনের কবলে পরে। সর্বশেষ গত ১৭ মে বিদ্যালয়টি নদী ভাঙনের শিকার হয়। ফলে দিশেহারা হয়ে স্কুলের শিক্ষকরা চাঁদা তুলে হাটশেরপুর গ্রামের একটি রাস্তার উপর একচালা টিনের ঘর নির্মাণ করেন। তখন থেকেই রাস্তার উপরে খোলামেলা পরিবেশে স্কুলটির পাঠদান কার্যক্রম চলছে। শুরুতে স্কুলটির ছাত্রছাত্রী সংখ্যা ছিল ৫০০ এর কাছাকাছি।
বারবার নদী ভাঙনের ফলে স্কুলটির বর্তমান শিক্ষার্থীর সংখ্যা মাত্র ৭৩ জন। কিন্তু দুঃখের বিষয় গত বুধবার রাতের ঝরে স্কুলটির অর্ধেক চালা প্রচন্ড বাতাসে উড়ে গেছে। ফলে গত বৃহস্পতিবার স্কুলের শিক্ষার্থীরা খোলা আকাশের নীচে ক্লাস করেছে।
আরও পড়ুনপ্রচন্ড রোদের মধ্যে শিক্ষক এবং শিক্ষার্থী পাঠগ্রহণ পাঠদান করেছেন। ৫ম শ্রেণির একজন শিক্ষার্থী বলেন, সকালে স্কুলে এসে দেখি স্কুলের একপাশের চালা বাতাসে উড়ে গেছে। সারাদিন খোলা আকাশের নীচে রোদের মধ্যে অনেক কষ্টে ক্লাস করেছি। সরকারের কাছে আমাদের অনুরোধ অতি দ্রুত যেনো আমাদের পাঠগ্রহণ করার জন্য সুন্দর একটি পরিবেশ গড়ে তোলা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক বলেন, গত কয়েকমাস ধরেই নানা ধরনের ভোগান্তির শিকার হয়ে আমরা এ স্কুলে পাঠদান করছি। একদিকে রাস্তায় লোকজন চলাচল করেন, অপরদিকে তার মধ্যেই আমাদের ক্লাস করাতে হয়। স্কুলে আমাদের বসার মতো কোনও যায়গা নাই।
বাথরুম তো মানুষের বাসায় গিয়ে করে আসি। এতে আমাদের নারী শিক্ষকরা বেশি সমস্যায় পরছেন। তার উপরে আবার মাথার উপরের একমাত্র টিনের চালাটিও উড়ে গেছে। আমরা বৃহস্পতিবার খোলা আকাশের নীচে শিক্ষার্থীদের পাঠদান করেছি।
সারিয়াকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ মোঃ মাহাতাবুর রহমান বলেন, স্কুলটি ইতিমধ্যেই যমুনা নদীর পশ্চিম পারে স্থানান্তর করা হয়েছে। কিন্তু সেখানে বন্যার পানি ওঠেছিল, তাই সাময়িকভাবে এখানে শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে। এখন বন্যার পানি নেমে গেছে। তাই আগামী সপ্তাহ থেকে মূল স্থাপনায় ক্লাস করানো হবে।
মন্তব্য করুন







