রাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড
রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমান সুমন হত্যা মামলায় একমাত্র আসামি লিমন মিয়াকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় আরো তিনটি ধারায় পৃথক ১০ বছর করে ২০ বছর কারাদণ্ড এবং ৩ লাখ টাকা জরিমানা করেছে। দণ্ডপ্রাপ্ত লিমন মিয়া গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনেরপাড়া গ্রামের বাসিন্দা।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ—২ আদালতের বিচারক রেজাউল করিম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। হত্যাকান্ডের এক বছর পূর্ণ হওয়ার একদিন আগে এ রায় দিল আদালত।
আদালত সূত্র জানায়, ২০২৫ সালের ১৩ নভেম্বর নগরীর ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় আসামি লিমনের হামলায় তার ছেলে নবম শ্রেণির শিক্ষার্থী তাওসিফ রহমান (সুমন) নিহত হয়। ছুরিকাঘাতে আহত হন বিচারকের স্ত্রীও। ঘটনার পর পুলিশ লিমন মিয়াকে আটক করে। আহত থাকায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ১৪ নভেম্বর রাজপাড়া থানায় বিচারক আবদুর রহমান নিজে বাদি হয়ে লিমন মিয়াকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন। গ্রেপ্তারের পর আসামিকে পাঁচদিনের রিমান্ডে নেয় পুলিশ। তদন্ত শেষে দেওয়া হয় অভিযোগপত্র। বিচার চলাকালে বাদি ও তৎকালীন রাজশাহী মহানগর দায়রা জজ আবদুর রহমানসহ ২৮ জন সাক্ষ্য দেন। যুক্তিতর্ক শেষে আজ রায় ঘোষণা করা হয়।
আরও পড়ুনমামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর পিপি আলী আশরাফ মাসুম বলেন, রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তিনি জানান, আদালতের বিচারক পর্যবেক্ষণে বলেছে, এঘটনা আইন ও বিচার বিভাগের ওপর হুমকি। এর আগে এধরনের হুমকির ঘটনা কোথাও ঘটেনি। টাকা ধার নিয়ে ফেরত না দেয়াকে কেন্দ্র এই হত্যাকান্ডও বলে জানান তিনি। আসামি পক্ষের আইনজীবী এড. মামুন অর রশিদ জানান, তারা রায়ের বিপক্ষে আপিল করবেন।
মন্তব্য করুন









