ভিডিও বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১২ নভেম্বর, ২০২৬ ০২:১১ পিএম

বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান মজনু মারা গেছেন

বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান মজনু।

মহান মুক্তিযুদ্ধের দক্ষিণাঞ্চলের অন্যতম সংগঠক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও বাংলা একাডেমির সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান (মজনু) মারা গেছেন। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি প্রখ্যাত কথাসাহিত্যিক, একুশে পদকপ্রাপ্ত লেখক ও বাংলা একাডেমির সাবেক সভাপতি সেলিনা হোসেনের স্বামী।

ছাত্র আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের সংগঠন, এরপর শিক্ষা ও সামাজিক উন্নয়ন—জীবনের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আনোয়ার হোসেন খান। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে মুক্তিযুদ্ধের সাংগঠনিক কার্যক্রমে তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর শ্যামলী শিশু পল্লী মসজিদ মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বিকেলে বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নে নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মুক্তিযুদ্ধের স্মারক স্তম্ভ ‘চির উন্নতশির’-এর পাশে তাকে সমাহিত করা হবে।

আনোয়ার হোসেন খানের রাজনৈতিক ও সাংগঠনিক জীবনের সূচনা ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে। তৎকালীন পূর্ব পাকিস্তানে ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় ছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের (বর্তমান শহীদ সার্জেন্ট জহুরুল হক হল) সহসভাপতি (ভিপি) হিসেবেও দায়িত্ব পালন করেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে দেশের স্বাধীনতার সংগ্রামে সক্রিয়ভাবে যুক্ত হন আনোয়ার হোসেন খান। দক্ষিণাঞ্চলে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করা এবং মুক্তিযুদ্ধের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। বিশেষ করে নবম সেক্টরের অধীন বুকাবুনিয়া সাবসেক্টর সদর দপ্তরকে কেন্দ্র করে তাঁর সাংগঠনিক তৎপরতা ছিল উল্লেখযোগ্য।

স্বাধীনতার পর পেশাগত জীবনেও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। বাংলা একাডেমির পরিচালক এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক হিসেবে কাজ করেছেন আনোয়ার হোসেন খান। মৃত্যুর আগে তিনি ফারিয়া লারা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আরও পড়ুন

কর্মজীবনের পাশাপাশি নিজ এলাকার শিক্ষা ও সামাজিক উন্নয়নেও সক্রিয় ছিলেন এই বীর মুক্তিযোদ্ধা। বরগুনার বামনা উপজেলায় শিক্ষার প্রসারে তাঁর বিশেষ অবদান রয়েছে। হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখার পাশাপাশি স্থানীয় একাধিক প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠায়ও যুক্ত ছিলেন তিনি।

এ ছাড়া হলতা ডৌয়াতলা সমবায় জুনিয়র স্কুলকে মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আনোয়ার হোসেন খান। এলাকার শিক্ষার্থীদের জন্য শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং সামাজিক উন্নয়নমূলক নানা উদ্যোগে সক্রিয় ছিলেন তিনি।

তাঁর স্ত্রী সেলিনা হোসেন বাংলা সাহিত্যের অন্যতম পরিচিত কথাসাহিত্যিক। হাঙর নদী গ্রেনেড, যাপিত জীবন ও গায়ত্রী সন্ধ্যা তার উল্লেখযোগ্য উপন্যাস। সাহিত্যচর্চায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৮০ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং ২০০৯ সালে একুশে পদক লাভ করেন। বাংলা একাডেমির সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি।

আনোয়ার হোসেন খানের মৃত্যুতে মুক্তিযুদ্ধের সহযোদ্ধা, সাবেক ছাত্রনেতা, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে তাঁর ভূমিকার পাশাপাশি নিজ এলাকায় শিক্ষা বিস্তার ও সামাজিক উন্নয়নে রাখা অবদানও স্মরণীয় হয়ে থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান মজনু মারা গেছেন

১

বিচার বিভাগীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-চীন

২

হামলার পেছনে আওয়ামী লীগ আছে : নুসরাত তাবাসসুম

৩

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগাতে নতুন ৫ শর্ত

৪

এবার ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের

৫

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

৬