লালমনিরহাট পৌরসভা এলাকায় বিধি না মেনেই যত্রতত্র গড়ে উঠছে বহুতল ভবন
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট পৌরসভা এলাকায় যত্রতত্র গড়ে উঠছে বহুতল ভবন। যা জনসাধারণের জন্য দুর্ভোগের পাশাপাশি প্রাণহানির মত দুর্ঘটনারও আশঙ্কা তৈরি করছে। জানা যায়, সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন ও নিয়ম-নীতির তোয়াক্কা না করেই যত্রতত্র গড়ে উঠছে এসব বহুতল ভবন। মাটি পরীক্ষা (সয়েল টেস্ট) বা অনুমোদিত নকশা ছাড়াই খেয়ালখুশিমতো অন্যের নকশা অনুকরণ করে এসব বাড়ি নির্মাণ করছেন মালিকরা।
এতে ভবনের ভেতর দিয়ে বা গা ঘেঁষে যাওয়া বৈদ্যুতিক লাইনের কারণে চরম ঝুঁকি তৈরি হচ্ছে। বাধাগ্রস্ত হচ্ছে ড্রেন ও রাস্তা সংস্কারের মতো পৌরসভার উন্নয়ন কাজ। পৌরসভার বটতলা এলাকায় গিয়ে দেখা যায়, অনুমোদন ছাড়াই বেশ কয়েকটি দোতলা বাড়ি নির্মাণ করা হয়েছে।
বর্তমানে পৌরসভার পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করতে গিয়ে দেখা যায়, ম্যাপ অনুযায়ী ড্রেনের জায়গা এসব বাড়ির ভেতর দিয়ে চলে গেছে। কোথাও স্থাপনা ভাঙতে হচ্ছে, আবার কোথাও ভাঙতে না পেরে উন্নয়ন কাজই থমকে যাচ্ছে। তাছাড়া এসব ভবনের কংক্রিট ছুঁয়ে গেছে উচ্চ ক্ষমতার বৈদ্যুতিক তার।
পৌরসভা কর্তৃপক্ষের মতে, অনুমোদিত প্ল্যান বা নকশা ছাড়া যেকোনো স্থাপনা সম্পূর্ণ অবৈধ। ভবন নির্মাণের ক্ষেত্রে পৌরসভার সুস্পষ্ট কিছু নিয়ম রয়েছে। তবে শহরে ভবন নির্মাণের ক্ষেত্রে এসব নিয়ম মানা হচ্ছে না বলে অভিযোগ পৌরসভার।
আরও পড়ুনএ বিষয়ে লালমনিরহাট পৌরসভার প্রশাসক মোছা. আফরোজা খাতুন বলেন, পৌরসভায় ভবন নির্মাণের যেসব আবেদন আসে, তা একটি কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করা হয়। সবকিছু ঠিক থাকলে এবং প্ল্যানটি পাসযোগ্য হলেই অনুমোদন দেওয়া হয়।
কেউ যদি আইন অমান্য করেন, পৌরসভার নির্ধারিত জায়গা বা ফায়ার সার্ভিস ঢোকার রাস্তা না রেখেই কাজ করেন, তবে তা অবৈধ। এমনটি নজরে এলে বা দুর্ঘটনা ঘটলে ওইসব বাড়ির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেই বা নিয়ে থাকি।
মন্তব্য করুন








