সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ, থানায় মামলা
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে রাজিব হোসেন(৩৮) নামে এক প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদি হয়ে শিক্ষক ও তার মায়ের বিরুদ্ধে অপহরণের অভিযোগে মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার বিদ্যালয়ের নির্বাচনি পরীক্ষায় অংশ নেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় ওই ছাত্রী। কিন্তু পরীক্ষা শেষে সে আর বাড়িতে ফিরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে জানতে পারেন, তার প্রাইভেট শিক্ষক রাজিব হোসেন তাকে ভুলিয়ে-ভালিয়ে নিয়ে গেছেন।
এরপর থেকে ওই ছাত্রী ও অভিযুক্ত শিক্ষকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। অভিযুক্ত রাজিব হোসেন উপজেলার বালসাবাড়ী কাটালতলা গ্রামের আল মাহমুদের ছেলে। তিনি স্থানীয় অধ্যয়ন একাডেমি নামে একটি প্রাইভেট কোচিং সেন্টারের পরিচালক।
আরও পড়ুনমামলার এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত রাজিব হোসেন এর আগেও একই কায়দায় কয়েক মাসের ব্যবধানে তার দুই প্রাইভেট ছাত্রীকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন। পরে তাদের বিয়ে হলেও পরবর্তী সময়ে ওই দুই ছাত্রীর সাথে তার বিচ্ছেদ ঘটে। বর্তমানে তার ঘরেদ একজন স্ত্রী রয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক রাজিব হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মেহেদী হাসান জানান, পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। পলাতক রাজিব হোসেন ও ওই ছাত্রীকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
মন্তব্য করুন









