কাল খুলনায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা সফরে আসছেন। সফরকালে তিনি বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। নির্বাচনের পর এটিই প্রধানমন্ত্রীর প্রথম খুলনা সফর। প্রিয় নেতাকে বরণ করে নিতে সমগ্র খুলনা শহর সেজেছে বর্ণাঢ্য সাজে, অন্যদিকে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠজুড়ে তৎপর রয়েছেন।
প্রধানমন্ত্রীর এই আগমনকে ঘিরে রূপসার কুদির বটতলা থেকে স্টেডিয়াম পর্যন্ত পুরো পথজুড়ে সর্বস্তরের সাধারণ মানুষকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সংবর্ধনা জানানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া নগরীর বিভিন্ন দেয়ালে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন, ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ এবং সমৃদ্ধ মোংলা বন্দরের নান্দনিক চিত্রের পাশাপাশি এ অঞ্চলের খ্যাতিমান বিজ্ঞানী, গুণী শিল্পী এবং সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্যের বাহ্যিক গ্রাফিতি ফুটিয়ে তোলা হয়েছে।
এদিকে বুধবার (৪ নভেম্বর) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস (সিজন-২)-এর শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন কুঁড়ির এই আয়োজনের মধ্য দিয়ে আগামী দিনে তরুণদের ক্রীড়াক্ষেত্রকে পেশা হিসেবে বেছে নেওয়ার বড় সুযোগ তৈরি হবে। তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে খুলনার বন্ধ হয়ে যাওয়া মিল-কারখানাগুলো পুনরায় চালু করে হাজারো শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এবং মোংলা বন্দরের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। খুলনার ক্রীড়াঙ্গনের পুরোনো গৌরব ও ঐতিহ্য আবারও ফিরিয়ে আনার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
আরও পড়ুনসংবাদ ব্রিফিংয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহফুজুল আলম খান জানান, ‘নতুন কুঁড়ি’র দ্বিতীয় আসরে ১০টি ইভেন্টে অংশগ্রহণের জন্য ইতোমধ্যে রেকর্ড প্রায় ১৬ লাখ ২৩ হাজার অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে, যেখানে প্রথম আসরে এই সংখ্যা ছিল মাত্র ১ লাখ ৬৮ হাজার। তিনি আরও জানান, দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির উদ্যোগের অংশ হিসেবে এ বছরই ১ হাজার ইউনিয়নে কাজ বাস্তবায়ন করা হবে এবং খুলনা বিভাগীয় ও জেলা স্টেডিয়ামের সার্বিক উন্নয়নমূলক কাজ দ্রুতই শুরু হবে।
সংবাদ ব্রিফিংয়ের আগে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে খুলনা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা ও প্রেস ব্রিফিংয়ে খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন, জেলা প্রশাসক হুরে জান্নাত, কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








